Home » বিদায়লগ্নে আরও একটি রেকর্ড গড়লেন অ্যান্ডারসন

বিদায়লগ্নে আরও একটি রেকর্ড গড়লেন অ্যান্ডারসন

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১২ জুলাই : লর্ডস টেস্টে দীর্ঘ ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ইংল্যান্ডের তথা বিশ্বের প্রবাদপ্রতিম কিংবদন্তি ক্রিকেটার জেমস অ্যান্ডারসন। ৪১ বছর বয়সী এই পেসার একাধিক বিশ্ব রেকর্ডের অধিকারী।টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও পেসার তাঁর মত ৭০০ উইকেট পান নি। তাঁর সামনে রয়েছেন স্রেফ দুই স্পিনার মুথাইয়া মুরলীথরণ ও শেন ওয়ার্ন।  ভারত সিরিজে ৭০০ উইকেট পাওয়ার রেকর্ড সম্পন্ন করেন তিনি। তিনি আগেই জানিয়েছিলেন ঘরের মাটিতে লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি শেষ টেস্ট খেলতে নামবেন । নেমেছেনও। তবে দর্শকরা তাকে তিন দিনের বেশি দেখতে পাচ্ছেন না।  দুদিনের শেষে জয়ের দোরগোড়ায় ইংল্যান্ড। তবুও অ্যান্ডারসন খেলবেন অথচ রেকর্ড হবে না তাও কী হয়। টেস্টের দ্বিতীয় দিনে আরেকটি রেকর্ড গড়লেন তিনি। আরেকটি মাইলস্টোন, আরেকটি ইতিহাস।

টেস্টে এর আগে কোনও পেসার চল্লিশ হাজার ডেলিভারি করেন নি। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে সেই রেকর্ডও গড়লেন তিনি। এখানেও তার চেয়ে এগিয়ে স্পিনাররা। মুরলী, ওয়ার্ন ছাড়া অনিল কুম্বলে চল্লিশ হাজারটি বল করার রেকর্ডের অধিকারী। তিন ফরম্যাট মিলিয়ে তিনি একমাত্র ফাস্ট বোলার যিনি ৫০, ০০০ এরও বেশি বল করেছেন।

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে সুস্পষ্ট হয়ে গিয়েছে ইংল্যান্ড একটি বড় জয় পেতে চলেছে। তৃতীয় দিনে ম্যাচ গড়ালেও ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে আছে। দিনের শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৭৯ রান। ১৭১ রানে পিছিয়ে আছে তারা, হাতে রয়েছে চার উইকেট।

অ্যান্ডারসন  ওয়েস্টইন্ডিজের প্রথম ইনিংসে একটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে  দুটি উইকেট তুলে নিয়েছেন। ১৮৮ টি টেস্ট খেলে তাঁর এ মুহূর্তে সংগ্রহ ৭০৩ টি উইকেট।  সেরা বোলিং ৪২ রানে ৭ উইকেট। অত্যন্ত সফলভাবে ধারাবাহিকতা দেখিয়েছেন অ্যান্ডারসন ।৩২ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।একুশ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন । শেন ওয়ার্ণের ৭০৮ উইকেটের রেকর্ড ভাঙা না হলে কী হবে, তিনি অসংখ্য রেকর্ড গড়ে বিদায় নিচ্ছেন। একমাত্র সচিন তেন্ডুলকার ছাড়া কেউ তাঁর চেয়ে বেশি টেস্ট খেলেননি। একজন পেসার কতটা নিজেকে ফিট রাখলে সফল ভাবে এত বেশি টেস্ট ক্রিকেট খেলতে পারেন – তা তাঁর বর্ণময় ক্রিকেট জীবনের মধ্যে দিয়ে বুঝিয়েছেন  অ্যান্ডারসন ।

লর্ডস টেস্টে তৃতীয় দিনে আবার একবার মাঠে দেখা যাবে জেমস অ্যান্ডারসনকে, আরেকবার লাল বল হাতে ছুটে আসতে দেখা যাবে তাঁকে। শুক্রবার ক্রিকেটে আবেগঘন একটি দিন। তারপরে কিছুটা হলেও শূন্যতা নেমে আসবে ইংল্যান্ড ক্রিকেটে এবং আন্তর্জাতিক ক্রিকেটে। জুলাই মাসের ৩০ তারিখে তাঁর ৪২ বছর পূর্ণ হবে  অ্যান্ডারসনের । তার কয়েকদিন আগে অবসর নিলেন ক্রিকেটের আশ্চর্য মাইলস্টোনের কারিগর। তিনি থাকবেন না, থেকে যাবে তাঁর রেকর্ড ও শৃঙ্খলা পরায়ণ ক্রিকেট জীবনের নজির । ।টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে তিনি বিরল কৃতিত্ব করে বিদায় নিচ্ছেন।  আন্তর্জাতিক ক্রিকেট মিস করবে জেমস অ্যান্ডারসনকে।।

About Post Author