সময় কলকাতা ডেস্ক, ২৫ জুলাইঃ মটন খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা রুটি,নান কিংবা পরোটা— সবকিছুর সঙ্গেই মটন একেবারে জমে যায়। মটন মানেই কি ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন জিরা মটন। মটনের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন জিরা মটন। নৈশভোজে ভাট, রুটি, কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে জিরা মটন। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে জিরা মটন।জিরা মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
খাসির মাংস: ৫০০ গ্রাম
পেঁয়াজ:১টি
রসুন: ৬ কোয়া
জিরে গুঁড়ো: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: ১/২ চামচ
গরম মশলা গুঁড়ো: ১/২ চামচ
আদা বাটা: ১ টেবিল চামচ
টোম্যাটো: বড় ২টি
গোটা জিরে: ১ চা চামচ
চিনি: ১ চা চামচ
সর্ষের তেল: ১/৪ কাপ
নুন: পরিমাণ মতো
প্রণালী
প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে নিন। এরপর মাংসের মধ্যে একে একে আদা বাটা, রসুন কুচি, হলুদ ও নুন দিয়ে ভাল করে ম্যারিনেট করে রেখে দিন ৩০ থেকে ৪০ মিনিট। প্রেশার কুকারে প্রয়োজন মতো জল দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলি দিয়ে সিদ্ধ হতে দিন। এবার মিক্সিতে পেঁয়াজ ও টোম্যাটো দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিন। এরপর অল্প চিনি দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না তা সম্পূর্ণ ভাবে মিশে যাচ্ছে। পেঁয়াজ-টোম্যাটোর মিশ্রণটি ঢেলে দিন। পরিমাণ মত নুন দিয়ে পাত্রের মশলা ভাল করে কষিয়ে নিন। এবার তাতে গরম মশলা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। মিনিট পনেরো পর সিদ্ধ করে রাখা মাংসের টুকরোগুলি তাতে ঢেলে ভাল করে নাড়াচাড়া করুন যাতে সব টুকরোতেই ভাল করে মশলা মিশে যায়। এরপর প্রয়োজন মত জল ও নুন দিয়ে ফুটতে দিন। কষা কষা হয়ে এলেই তৈরি জিরা মটন।
#জিরামটন
#jeeramutton


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি