Home » India vs Sri Lanka : শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে ভারতীয় ক্রিকেটে শুরু হল গম্ভীর জমানার

India vs Sri Lanka : শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে ভারতীয় ক্রিকেটে শুরু হল গম্ভীর জমানার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ জুলাইঃ শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করল ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটিতে জয় পেলেন সূর্যকুমার যাদবরা। দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করেন তাঁরা। ক্যান্ডিতে শেষ ম্যাচেও সুপার ওভারে চরিথ আশলঙ্কার দলকে হারিয়ে দিল টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই ভারতীয় ক্রিকেট দলে নতুন ইনিংস শুরু করলেন গৌতম গম্ভীর ।

রাহুল দ্রাবিড়ের পরিবর্তে দুইবারের বিশ্বজয়ীকে সিনিয়র দলের কোচের পদে নিযুক্ত করে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিতদের কোচ হওয়ার দৌড়ে একাধিক নাম উঠে এলেও শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন মেন্টরেই আস্থা রাখে বোর্ড। প্রথম ইনিংসে নিজের কোচিং দক্ষতার প্রমাণ দিলেন গম্ভীর। সামঞ্জস্যপূর্ণ দলগঠন থেকে দলের ব্যাটার, বোলার ও অলরাউন্ডারদের যেভাবে তিনি ব্যবহার করলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রীলঙ্কা সিরিজে রিয়ান পরাগকে দলে রেখেছিলেন গম্ভীর। সিরিজের প্রথম ম্যাচে জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নেন রিয়ান। রান পাচ্ছিলেন না রিঙ্কু সিং। শেষ ম্যাচে সেই রিঙ্কুকে দিয়ে বল করিয়ে মাস্টারস্ট্রোক দেন গম্ভীর । বল করান দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে দিয়েও। দুজনেই এক ওভার হাত ঘুরিয়ে জোড়া উইকেট নেন। তাও ম্যাচের ১৯ ও ২০ তম ওভারে বল করেন দুজনে। তাঁদের ওই দুই ওভারের জন্য হারা ম্যাচ টাই করে ভারত।  ম্যাচ সুপারওভারে গড়ালে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা মাত্র ২ রান তোলে। তিন বলের মধ্যে শ্রীলঙ্কার দুই ব্যাটারকে আউট করে দেন ওয়াশিংটন সুন্দর। প্রথম বলেই চার মেরে ভারতকে জিতিয়ে দেন সূর্য।

আরও পড়ুনঃ Mohun Bagan: সুহেলের হ্যাটট্রিক, কলকাতা লিগে জয়ে ফিরল মোহনবাগান

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় ভারত। তবে প্রথমে ব্যাটিং পাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি ভারতীয় ব্যাটাররা। একমাত্র শুভমন গিল ছাড়া সম্পূর্ণ ব্যর্থ ভারতীয় টপ অর্ডার। ৩৭ বলে ৩৯ রান করেন গিল। শেষ দিকে দলকে টানেন রিয়ান পরাগ ও ওয়াশিংটন সুন্দর। ১৮ বলে ২৬ রান করেন রিয়ান। সুন্দরের ব্যাট থেকে আসে ১৮ বলে ২৫ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান তোলে ভারত।

আরও পড়ুনঃ Paris Olympics 2024 : প্যারিসে ইতিহাসের পুনরাবৃত্তি, অলিম্পিক্সে জোড়া পদক জিতে প্রিচার্ডকে ছুঁলেন মনু

জবাবে ব্যাট করতে নেবে সাবলীলভাবে রান তুলছিলেন শ্রীলঙ্কার ব্যাটাররা। প্রথম উইকেটের জুটিতে ৫৮ রান তোলেন দুই ওপেনার পাথুম নিশঙ্ক ও কুশল মেন্ডিস। নিশঙ্ককে ২৭ রান করে ফেরান রবি বিষ্ণোই। তিনি আউট হলেও সমস্যায় পড়েনি স্বাগতিকরা। মেন্ডিসের সঙ্গে জুটি বাঁধেন কুশল পেরেরা। ৫২ রানের জুটি গড়েন দুজনে। ১৬তম ওভারে মেন্ডিসকে ফিরিয়ে আবার লঙ্কা শিবিরে ধাক্কা দেন রবি। ৪১ বলে ৪৩ করে আউট হন মেন্ডিস। তারপর তাসের ঘরের মত ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। একা লড়াই করছিলেন কুশল। তাঁকে ১৮তম ওভারে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান বোলার রিঙ্কু। একটা সময় ১৫ ওভারে ১ উইকেটে ১১০ রান ছিল শ্রীলঙ্কার। সেখান থেকে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রানে থামে তাঁদের ইনিংস। ভারতের হয়ে দুটি করে উইকেট পান মোট চারজন। তাঁরা হলেন রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদব। সব মিলিয়ে লঙ্কা ব্রিগেডকে হোয়াইট ওয়াশ করে গম্ভীর শুরু করলেন ভারতীয় ক্রিকেটে নিজের দ্বিতীয় ইনিংস।

About Post Author