স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ জুলাই: কলকাতা লিগে জয়ে ফিরল মোহনবাগান । মঙ্গলবার বি গ্রুপের ম্যাচে তারা বড় ব্যবধানে হারিয়ে দিল টালিগঞ্জ অগ্রগামীকে। সবুজ মেরুন ব্রিগেড জিতল ৫-১ গোলে। গঙ্গাপারের ক্লাবের হয়ে দুরন্ত হ্যাটট্রিক করলেন কাশ্মীরি গোল মেশিন সুহেল ভাট। পয়েন্ট নষ্ট করতে করতে লিগ তালিকায় নবম স্থানে নেমে গিয়েছিল মোহনবাগান। অনেক সমর্থক অবনমনের আশঙ্কাও করছিল। সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন করল ম্যারিনার্সরা।

সোমবার ছিল মোহনবাগান দিবস। একই দিনে মোলিনার প্রশিক্ষণে প্রাক মরশুম অনুশীলনে নেমে পড়েছেন কামিংস, ম্যাকলারেনরা। প্রথম দিনের অনুশীলনে ফুটবলারদের পুষ্পবৃষ্টিতে বরণ করেছিল ক্লাব সমর্থকরা। মঙ্গলবার কলকাতা লিগের গুরুত্বপুর্ণ ম্যাচে বড় ব্যবধানে জিতে তারই প্রতিদান দিলেন সুহেল ভাটরা। কলকাতা লিগে পয়েন্ট খোয়াতে খোয়াতে খাদের কিনারায় চলে গিয়েছিল মোহনবাগান। সেখানে থেকে ঘুরে দাঁড়ানোর জন্য টালিগঞ্জ ম্যাচকে বেছে নিল তিরিশ বারের লিগ জয়ীরা।
যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি মোহনবাগান। এবারের প্রতিযোগিতায় অনেক ম্যাচে গোল নষ্টের খেসারত দিতে হয়েছে ডেগি কর্ডোজোর ছেলেদের। এদিনও প্রথমার্ধে অনেক গোলের সুযোগ নষ্ট করল বাগানের ফুটবলাররা। তবে দ্বিতীয়ার্ধে দেখা গেল অন্য মোহনবাগানকে। আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় তারা। ক্রমাগত চাপের মুখে অবশেষে টালিগঞ্জ রক্ষণে ভাঙন ধরে। ৫১ মিনিটের মাথায় গোল পেয়ে যায় মোহনবাগান। তবে এই গোল বাগানের কোনও ফুটবলার করেননি। সতীর্থ গোলরক্ষককে পাস দিতে গিয়ে নিজের জালে বল জড়িয়ে দেন প্রীতম খাটুয়া। তারপর বাকিসময় সুহেল ঝড়ের সামনে টিকতে পারেনি টালিগঞ্জ। ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাশ্মীরের স্ট্রাইকার। বাঁ দিক থেকে বল নিয়ে ঢুকে বিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন। চার মিনিট পর আবার গোল করেন সুহেল। পেনাল্টি থেকে ব্যবধান ৩-০ করেন। ৭০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সুহেল। ডান দিক থেকে আসা ক্রসে পা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন। এই নিয়ে এবারের লিগে আট গোল করে ফেললেন সুহেল।
আরও পড়ুন: Anwar Ali : চরম শাস্তির মুখে আনোয়ার, নামতে পারে নির্বাসনের খাঁড়া
পরের দিকে মোহনবাগান রক্ষণের ভুলে একটি গোল শোধ করে টালিগঞ্জ। কিন্তু তা যথেষ্ট ছিল না। সংযুক্ত সময়ে পঞ্চম গোলটি পেয়ে যায় মোহনবাগান। একক দক্ষতায় গোল করেন সালাউদ্দিন। এই জয়ের ফলে নবম স্থান থেকে একধাপে পঞ্চম স্থানে উঠে এল মোহনবাগান। সুপার সিক্সে জায়গা করতে এখনও টানা কয়েকটি ম্যাচে তিন পয়েন্ট পেতেই হবে মোহনবাগানকে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার