স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ অগষ্টঃ প্যারিস অলিম্পিক্সে আবারও পদক জিতল ভারত। পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুশালে (Swapnil Kusale)। বৃহস্পতিবার দেশের ঝুলিতে এল তৃতীয় পদক। তিনটি পদকই জিতলেন ভারতীয় শ্যুটাররা। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে এটাই প্রথম পদক জয় ভারতের।

প্রথম ভারতীয় শ্যুটার হিসাবে এই প্রতিযোগিতার ফাইনালে ওঠেন মহারাষ্ট্রের স্বপ্নিল। তখন থেকেই পদকের আশা করছিল দেশবাসী। কিন্তু লড়াইটা কঠিন ছিল স্বপ্নিলের জন্য। প্রথম পজিশনে খুব বেশি সুবিধেও করতে পারেননি ভারতীয় শ্যুটার। প্রথম পজিশন নিলিং অর্থাৎ হাঁটু গেড়ে বসে শ্যুটিংয়ে পাঁচ শটের প্রথম সিরিজে ৫০.৮ স্কোর করেন স্বপ্নিল। যুগ্মভাবে তালিকার ছয় নম্বরে ছিলেন তিনি। পরের সিরিজে স্কোর করেন ৫০.৯। তখনও অবস্থানের কোনওরকম পরিবর্তন হয়নি। তৃতীয় সিরিজে ৫১.৬ স্কোর করলেও অবস্থানে পরিবর্তন হয়নি।

আরও পড়ুনঃ India vs Sri Lanka : শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে ভারতীয় ক্রিকেটে শুরু হল গম্ভীর জমানার
দ্বিতীয় পজিশন প্রোন বা বুকে ভর দিয়ে শ্যুটিংয়ে অনেকটা ভাল স্কোর করেন ভারতীয় শ্যুটার। তিনটি সিরিজে তিনি স্কোর করেন যথাক্রমে ৫২.৭, ৫২.২ এবং ৫১.৯। তালিকায় চার নম্বরে উঠে আসেন। শেষ পজিশন স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে শ্যুটিংয়ে প্রথম দুটি সিরিজে ৫১.১ ও ৫০.৪ স্কোর করে উঠে আসেন তালিকার তিন নম্বরে। তৃতীয় পদকের আশা তখন থেকেই উজ্জ্বল হয়। তৃতীয় সিরিজের প্রথম তিনটি শটে স্বপ্নিল স্কোর করেন যথাক্রমে ১০.৪, ৯.৪ এবং ৯.৯। চতুর্থ স্থানে থাকা প্রতিযোগী তাঁকে টপকে যেতে না পারায় তিন নম্বরে থেকে যান স্বপ্নিল। শেষ দুটি শটে ভাল স্কোর করলে রুপো জেতার সুযোগ ছিল। কিন্তু চতুর্থ শটে ১০.০ স্কোর করেন। দ্বিতীয় স্থানে থাকা প্রতিযোগীর সঙ্গে ০.৬ পয়েন্টের ফারাক ছিল। তিনি ৯.৩ পয়েন্ট পেলে স্বপ্নিল রুপো জিততে পারতেন। কিন্তু ৯.৯ পয়েন্ট পেয়ে রুপো নিশ্চিত করেন সের্হি কুলিশ। সোনা পেয়েছেন চিনের প্রতিযোগী ইয়ুকুন লিউ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার