Home » Dev-Rukmini Moitra : কনের সাজে ব্যাট হাতে ছক্কা হাঁকালেন রুক্মিনী , আউট হলেন শুধু দেবের বলেই

Dev-Rukmini Moitra : কনের সাজে ব্যাট হাতে ছক্কা হাঁকালেন রুক্মিনী , আউট হলেন শুধু দেবের বলেই

বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২ অগষ্টঃ পরনে সুন্দর কারুকার্য করা লাল-টুকটুকে শাড়ি, লাল রঙের ফুলহাতা ব্লাউজ, গলায় ভারি নেকলেস, কানে দুল আর খোলা চুল। দেখে মনে হচ্ছে এই বুঝি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। কিন্তু কনের এই বেশে ক্রিকেট পিচে ব্যাট হাতে নেমে পড়লেন রুক্মিনী মৈত্র। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা দেবও। চুটিয়ে ক্রিকেট খেললেন দুজনে।

ক্রিকেট খেলার ভিডিও নিজের ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেখানেই অনেকটা মজার ছলে চ্যাম্পের অভিনেত্রী লিখেছেন, “আরপিএলের (রুক্মিনী প্রিমিয়ার লিগ) দ্বিতীয় মরশুমে আপনাদের স্বাগত। কিছু সময় অনুশীলনের বাইরে রয়েছি। কিন্তু শাড়ি পরে ক্রিকেট খেলার জন্য দুঃখিত নই।” সেই ভিডিওতে কী দেখা গিয়েছে? ব্যাট হাতে নাচতে নাচতে পিচে নামলেন অভিনেত্রী। ক্যামেরার উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন কয়েকটি উড়ন্ত চুম্বন। ব্যাট হাতে পেশাদার ক্রিকেটারদের মত দাঁড়িয়ে পড়লেন স্টান্স নিয়ে। তারপর কী দাপট! চারদিকে ব্যাট ঘুরিয়ে চার ও ছয় হাঁকালেন। একটা বলের পর তাঁকে বলতে শোনা গিয়েছে সেটি বৈধ নয়। মাঝেমধ্যে ব্যাট তুলে শতরানের কায়দায় উদযাপন করতেও দেখা যায় অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ Hector Yuste : মোহনবাগানের লিগ শিল্ডজয়ী তারকাকে তুলে চমক দিল ইস্টবেঙ্গল

প্রথম দিকে স্টাম্পের পিছনে দেখা গিয়েছে দেবকে। পরে অবশ্য বান্ধবীকে আউট করতে বল হাতে নেন তিনি। সফলও হন। ছয় মারতে গিয়ে দেবের হাতে ক্যাচ দেন রুক্মিনী। তবে এবার অনেকটা পাড়া ক্রিকেটের মত ব্যাট ছাড়তে চাইছিলেন না তিনি। তারপর তাঁর হাত থেকে ব্যাট কেড়ে নেন অভিনেতা দেব। তারপর একপ্রকার জোর করেই হাত ধরে মাঠের বাইরে নিয়ে যান। রুক্মিমীর ব্যাট হাতে ক্রিকেট খেলার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুই লক্ষের বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিওতে লাইক করেছেন। কমেন্ট হয়ে দশ হাজারেরও বেশি। নেটিজেনদের কমেন্টের সঙ্গে সঙ্গে টলিপাড়ার অভিনেতা, অভিনেত্রীরা নানারকম কমেন্ট করেছেন। কেউ হাসির ইমোজি দিয়েছেন, আবার কেউ লিখেছেন খুব মিষ্টি। পরিচালক রামকমল মুখোপাধ্যায় মজা করে লিখেছেন, ‘আমার প্রশ্ন এটা ক্রিকেটই খেলা হচ্ছিল তো নাকি অন্যকিছু।’  নেটিজেনরা মন্তব্য করেন, ‘শাড়ি পরে ক্রিকেট! তবে মন্দ নয়।’ প্রসঙ্গত, রুক্মিণীকে শেষবার জিতের সঙ্গে ‘বুমেরাং’ ছবিতে দেখা গিয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের তরফে ‘মহানায়ক’ সম্মানে ভূষিত হয়েছেন রুক্মিণী । কিছুদিন আগেই আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন। এবার ক্রিকেট খেলার ভিডিও শেয়ার করে অনুরাগীদের প্রশংসা কুড়োলেন রুক্মিণী।

About Post Author