স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ অগস্ট: বিশ্বের অন্যতম প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ (Durand Cup)। ঐতিহ্যশালী ডুরান্ড এবার ১৩৩ তম বর্ষে পা দিয়েছে । ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে কলকাতার তিন প্রধান। উদ্বোধনী ম্যাচে মাঠে নামে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান (Mohun Bagan)। কিন্তু মাঝপথে কিছু সমস্যা তৈরি হয়। একটি গ্রুপ থেকে আইএসএলের একটি দল নাম তুলে নেওয়ায়, সেই জায়গায় সুযোগ পেল আই লিগের একটি পুরনো ক্লাব।

চলতি প্রতিযোগিতায় মোট অংশগ্রহণ করেছে ২৪ টি দল। ছয়টি গ্রুপে দলগুলিকে ভাগ করা হয়েছে। সমস্যা দেখা গিয়েছে এফ বা শেষ গ্রুপে। প্রাথমিক ভাবে এই গ্রুপে ছিল এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, শিলং লাজং এবং ত্রিভুবন আর্মি। এর মধ্যে প্রথম দুটি দল ছিল ইন্ডিয়ান সুপার লিগের। লাজং দীর্ঘদিন আই লিগে রয়েছে। ত্রিভুবন আর্মি দলটি নেপালের। কিন্তু খেলতে রাজি হয়নি হায়দরাবাদ। গত কয়েক মরশুম ধরে ‘ভিটামিন এম’ সমস্যায় ভুগছে তারা। টাকার অভাবে ভাল দল গড়তে পারছে না। দলের তারকা ফুটবলার-কোচ একে একে দল ছেড়েছেন অনেকে। গত মরশুমে দলের খেলায় তার প্রভাব পড়েছে। তাই এবার এই প্রতিযোগিতা থেকে নিজেদের দূরে রেখেছে নিজামের শহরের দল। তারপর কম সময়ের মধ্যে নতুন বিকল্পের সন্ধানে ছিল ডুরান্ড কর্তৃপক্ষ। অনেক নামও শোনা গিয়েছিল।
আরও পড়ুন: ৫২ বছর পরে অলিম্পিকে হকিতে ভারত হারাল অস্ট্রেলিয়াকে? কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ কোন দেশ?
আরও পড়ুন: Paris Olympics 2024 : অলিম্পিক্সে ধাক্কা ভারতীয় হকি দলের, হারতে হল বেলজিয়ামের কাছে
তার মধ্যে একটি নাম বেছে নিয়েছে তারা। জানা গিয়েছে, মেঘালয়ের ক্লাব রাংদাজায়েদ ইউনাইটেড (Rangdajied United) ডুরান্ডে দেখা যাবে। ২০১৩-১৪ মরশুমে আইলিগে খেলেছিল দলটি। যদিও নজর কাড়তে পারেনি। বর্তমানে আইলিগ ৩ -এ রয়েছে তারা। কিন্তু গত বছর সবাইকে চমকে দিয়ে মেঘালয় লিগ চ্যাম্পিয়ন হয়। এবারে ডুরান্ডের দরজা তাদের সামনে খুলে গেল। আগামী ৫ অগষ্ট শিলংয়ে তাদের প্রতিদ্বন্দ্বী এফসি গোয়া। গোয়ার একটি বড় ক্লাবের নামও জল্পনায় ছিল। কিন্তু পর্যাপ্ত অনুশীলনের জন্য তারাও ডুরান্ডে অংশ নিতে পারেনি। ফলে উত্তর পূর্ব ভারতের একটি ক্লাবের সামনে সুযোগ এল বড় দলের বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করার।


More Stories
৪২৯ রান তাড়া করে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা
রুদ্ধশ্বাস ম্যাচে ভারত হারালো নিউজিল্যান্ডকে
এশিয়ান প্যারা গেমসে ভারতের ১৪ টি সোনা