Home » RG Kar Hospitalঃ আরজিকর কাণ্ডে এবার হাসপাতালের চার জুনিয়র ডাক্তারকে তলব করল লালবাজার

RG Kar Hospitalঃ আরজিকর কাণ্ডে এবার হাসপাতালের চার জুনিয়র ডাক্তারকে তলব করল লালবাজার

সময় কলকাতা ডেস্ক, ১২ আগস্টঃ আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। শনিবারও রাজ্যের প্রায় সমস্ত হাসপাতালের চিকিৎসকরাই বিক্ষোভে সামিল হয়েছিল। আরজিকর হাসপাতালের ওই তরুণী চিকিৎসকের হত্যার পর বারবার নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। পড়ুয়াদের আন্দোলনের মুখে পড়ে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন আরজিকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এসবের মাঝেই এবার হাসপাতালের চার জুনিয়র ডাক্তারকে তলব করল লালবাজার। জানা গিয়েছে, যে চারজনকে ডেকে পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে একজন হাউজস্টাফ আর বাকি তিন জন চিকিৎসক। তাঁদের আজকেই লালবাজারে আসতে বলা হয়েছে। 

আরও পড়ুন   Anwar Ali: ইস্টবেঙ্গলের হয়ে খেলতে কলকাতায় আনোয়ার, বিমানবন্দরে লালহলুদ জনতার ঢল

ইতিমধ্যেই পুলিশ তদন্তে জানতে পেরেছে, স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই ছাত্রী বৃহস্পতিবারও রাত ২টো পর্যন্ত হাসপাতালের ওয়ার্ডে ডিউটি করেন। পরে কর্মরত আরও চার জুনিয়র ডাক্তারের সঙ্গে রাতের খাওয়া সেরে পড়াশোনার জন্য সেমিনার হলে চলে যান। ঘটনার রাতে আরজিকর হাসপাতালের ওই তরুণী চিকিৎসক একটি ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছিলেন। তাঁরা এক সঙ্গে পাঁচ জন রাতের খাবার খেয়েছিলেন। শুক্রবার সকাল থেকে আর খোঁজ মিলছিল না তাঁর। পরে সেমিনার হল থেকে মেলে অর্ধনগ্ন দেহ। পুলিশের অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। সূত্রের খবর, সেদিন রাতে নির্যাতিতার সঙ্গে তাঁদের ঠিক কী কথা হয়েছিল, কোনও রকমে অস্বাভাবিকত্ব সেদিন রাতে তাঁরা দেখেছিলেন কিনা, তা জানতে চাইবেন তদন্তকারীরা। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই ওই চার ডাক্তারের বয়ান রেকর্ড করবে পুলিশ।

এদিকে, ডাক্তারি পড়ুয়া খুনের ঘটনার পর থেকেই আরজিকর হাসপাতালের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সরব হয়েছিল কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকেরা। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। স্বাস্থ্য দপ্তরের তরফে আরজিকর মেডিক্যাল কলেজের সুপারকে সঞ্জয় বশিষ্ঠকে ইতিমধ্যেই অপসারণ করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বুলবুল মুখোপাধ্যায়কে। কিন্তু তখনও প্রশ্ন ওঠে সুপার অপসারিত হলেও, বহাল তবিয়তে কেন থাকবেন অধ্যক্ষ? এই পরিস্থিতিতে চাপ বাড়তে থাকে অধ্যক্ষের। এসবের মাঝেই পড়ুয়াদের আন্দোলনের মুখে পড়ে শেষমেশ পদত্যাগ করলেন আরজিকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও সোমবার সকাল থেকেই শোনা যাচ্ছিল, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বদলি করে দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে। তাঁকে পাঠানো হচ্ছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাসপাতালের দায়িত্বে। তার কিছুক্ষণ পরেই নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন সন্দীপ ঘোষ। তিনি বলেন, ‘ আমার কাছে বদলি সংক্রান্ত কোনও নোটিস নেই। আমি নিজে থেকেই পদত্যাগ করেছি। আমার নামে সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার হয়েছে। ডাক্তারদের মধ্যেই চোর-ডাকাত রয়েছে। খুব শীঘ্রই সেই মুখোশগুলো খুলে যাবে। আমি অর্থোপেডিক সার্জেন, আমার দুটো হাত রয়েছে, আমি কিছু করে খেতে পারব।’ 

#RGkarHospital 

#RGkarPrincipalSandeepGhoshresigned 

#RGkarPrincipalSandeepGhosh  

#RGKARDoctorDeath  

#Latestbengalinews

About Post Author