সময় কলকাতা ডেস্ক, ১৫ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। উত্তপ্ত রাজ্যের চিকিৎসক মহল। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গত শুক্রবার থেকে অবস্থান বিক্ষোভে বসেছেন ওই হাসপাতালের চিকিৎসকরা। রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও আন্দোলন করছেন। এই আবহে এবার তৃণমূলের মুখপাত্র পদ থেকে সরানো হল শান্তনু সেনকে। সম্প্রতি আরজিকর ইস্যুতে মন্তব্য করেছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন। সেখানকার পড়াশোনা রসাতলে গিয়েছে বলে মন্তব্য করতে শোনা গিয়েছিল তাঁকে। এসবের মাঝেই বৃহস্পতিবার দলের মুখপাত্র পদ থেকে শান্তনু সেনকে সরানোর খবর সামনে নিয়ে আসা হল। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। আরজিকর ইস্যুতে মুখ খোলায় কি খেসারত দিতে হল শান্তনুকে? তা নিয়েই উঠছে প্রশ্ন। যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, দল মনে করেছে তাই সরিয়ে দেওয়া হয়েছে।
আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরই তাঁর বাবা-মা অভিযোগ করে জানিয়েছিলেন নির্যাতিতা তাঁদের আগেই জানিয়েছিলেন নাইট ডিউটিতে সমস্যা হয়। ‘তিলোত্তমার’ সেই বক্তব্যকে সমর্থন জানিয়ে শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন বলেছিলেন, তাঁর মেয়েকে আরজি কর-এ নাইট ডিউটিতে পাঠাবেন কি না সন্দেহ রয়েছে। এরপর শান্তনু সেনও সেখানকার পড়াশোনার ব্যাপারে অভিযোগ তুলে বলেন, ‘ আমি আরজিকরের প্রাক্তনী। আমার মেয়ে সেখানে পড়ে। আরজি করে মেডিক্যাল এডুকেশন গত কয়েক বছরে রসাতলে গিয়েছে। কয়েক জনকে খুশি করতে পারলে প্রশ্ন জানা যায়। উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, টোকাটুকি করা যায়।’ এরপর বুধবার বিকেলেই বেহালার সভা থেকে মমতা বলেন, ‘ কয়েক জন বলছেন, তাঁরা মুখপাত্রের পদ ছেড়ে দিয়েছেন। জেনে রাখুন, আমরা তাঁদের আগেই সরিয়ে দিয়েছি। এই চক্রান্তের মধ্যে তাঁদের কেউ কেউ ছিলেন।’
#ShantanuSen
#RGKarControversy
# TMCSpokespersonPost


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
আশীষ বন্দ্যোপাধ্যায়ের “আত্মহত্যায় ইন্ধন” যোগানোর গুরুতর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে