Home » এই নিয়ে অষ্টম বার, আরজিকর কাণ্ডে ফের সিবিআই দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

এই নিয়ে অষ্টম বার, আরজিকর কাণ্ডে ফের সিবিআই দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

সময় কলকাতা ডেস্ক, ২৩ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তারই মধ্যে শুক্রবার ফের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে হাজিরা দিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে টানা অষ্টম বারের জন্য হাজিরা দিলেন তিনি। এদিন ফের তিনি সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখোমুখি হবেন বলেই খবর। তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় গত শুক্রবার থেকেই সন্দীপকে টানা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বৃহস্পতিবার তাঁকে নিয়ে শিয়ালদহ আদালতেও গিয়েছিল সিবিআই। তাঁর পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয়েছে আদালতে।

আরও পড়ুন   মনিরাং পর্বতশৃঙ্গে ভারতের বিজয় পতাকা উড়ল জলপাইগুড়ির হাত ধরে

প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহস্পতিবারই নির্যাতিতার চার সহকর্মী-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর করেছে শিয়ালদহ আদালত। সূত্রের খবর, অভিশপ্ত ওই রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে রাতে তাঁর চার সহকর্মী খাওয়াদাওয়া করেছিলেন। তাঁদেরও জবানবন্দি নেওয়া হয় এদিন। তারপরেই সিবিআইয়ের তরফে ওই চারজনের পলিগ্রাফ টেস্টের আবেদন জানানো হলে তা মঞ্জুর করে শিয়ালদহ আদালত। এই চারজনের পাশাপাশি এদিন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টেরও অনুমতি দিয়েছে আদালত। ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেয়েছে সিবিআই। সূত্রের খবর, আইনি প্রক্রিয়া মিটে গেলে সঞ্জয়কে শুক্রবার নিউটাউনের ফরেনসিক (Forensic) পরীক্ষাগারে নিয়ে যাওয়া হতে পারে। সেখানেই তার পলিগ্রাফ টেস্ট হবে বলেই জানা গিয়েছে। এই টেস্টের মাধ্যমে বোঝা যায়, যে কেউ মিথ্যা বলছে কিনা।

ময়নাতদন্ত রিপোর্ট দেখে অনেকেরই অনুমান, যে অত্যাচারের কথা বলা হয়েছে এবং যেভাবে ধর্ষণ করা হয়েছে, তাতে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। যদিও প্রথম থেকেই নির্যাতিতার বাবা-মা দাবি করে এসেছেন, এই ঘটনায় সঞ্জয় ছাড়াও নির্যাতিতার সহকর্মী-সহ অনেকেই জড়িত। কলকাতা পুলিশও প্রথম থেকেই সে কথা মাথায় রেখেছে। এবার সঞ্জয় রায় এবং তিলোত্তমার সহকর্মীদের এই টেস্ট করলে জানা যেতে পারে, ওই দিন ঘটনার সময়ে তারা ঠিক কী কী করেছিল, তাঁদের সঙ্গে আর কেউ ছিল কিনা এবং আরও নানান তথ্য। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কারও পলিগ্রাফ টেস্ট বা পরীক্ষার মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাসের গতি, নাড়ির স্পন্দন তথা গতি, রক্ত চাপ, শরীর থেকে কতটা ঘাম বেরোচ্ছে ইত্যাদি দেখা হয়। কেউ মিথ্যা কথা বললে তার হৃৎস্পন্দন এবং রক্তচাপের পরিবর্তন ঘটে। তার মাধ্যমেই একটা ইঙ্গিত পাওয়া যায়। সবসময় যে ১০০ শতাংশ সঠিক ফল মেলে তা নয়, তবুও একটা ধারণা করতে পারেন তদন্তকারীরা।

#KolkataDoctorRapeandMurder

#SandipGhosh

#CBIofficeofCGOcomplex 

#RGkarHospital  

#RGkarPrincipalSandeepGhosh   

#RGKARDoctorDeath   

#Latestbengalinews

About Post Author