Home » RG KAR Case: আরজিকর কাণ্ডের তদন্তে ফের সিবিআই দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ, টানা ন’দিন ধরে চলছে ম্যারাথন জেরা

RG KAR Case: আরজিকর কাণ্ডের তদন্তে ফের সিবিআই দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ, টানা ন’দিন ধরে চলছে ম্যারাথন জেরা

সময় কলকাতা ডেস্ক, ২৪ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তারই মধ্যে শনিবার ফের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে হাজিরা দিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে টানা ন’দিন হাজিরা দিলেন তিনি। এদিন ফের তিনি সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখোমুখি হবেন বলেই খবর। তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় গত শুক্রবার থেকেই সন্দীপকে টানা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, ঘটনা সংক্রান্ত তথ্যের খোঁজে দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাঁর কললিস্টও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সিবিআইকে সন্দীপের পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতিও দিয়েছে আদালত। এমনকী আরজিকরের অধ্যক্ষ থাকাকালীন তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন   RGKAR Hospital Horror Update :সন্দীপ -সঞ্জয় সহ কোন সাতজনের কেন পলিগ্রাফ টেস্টের অনুমতি? ধোঁয়াশা কি কাটবে?

প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহস্পতিবারই নির্যাতিতার চার সহকর্মী-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর করেছে শিয়ালদহ আদালত। সূত্রের খবর, অভিশপ্ত ওই রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে রাতে তাঁর চার সহকর্মী খাওয়াদাওয়া করেছিলেন। তাঁদেরও জবানবন্দি নেওয়া হয় এদিন। তারপরেই সিবিআইয়ের তরফে ওই চারজনের পলিগ্রাফ টেস্টের আবেদন জানানো হলে তা মঞ্জুর করে শিয়ালদহ আদালত। এই চারজনের পাশাপাশি এদিন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টেরও অনুমতি দিয়েছে আদালত।

ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেয়েছে সিবিআই। সূত্রের খবর, আইনি প্রক্রিয়া মিটে গেলে সঞ্জয়কে নিউটাউনের ফরেনসিক (Forensic) পরীক্ষাগারে নিয়ে যাওয়া হতে পারে। সেখানেই তার পলিগ্রাফ টেস্ট হবে বলেই জানা গিয়েছে। এই টেস্টের মাধ্যমে বোঝা যায়, যে কেউ মিথ্যা বলছে কিনা। ময়নাতদন্ত রিপোর্ট দেখে অনেকেরই অনুমান, যে অত্যাচারের কথা বলা হয়েছে এবং যেভাবে ধর্ষণ করা হয়েছে, তাতে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। যদিও প্রথম থেকেই নির্যাতিতার বাবা-মা দাবি করে এসেছেন, এই ঘটনায় সঞ্জয় ছাড়াও নির্যাতিতার সহকর্মী-সহ অনেকেই জড়িত। কলকাতা পুলিশও প্রথম থেকেই সে কথা মাথায় রেখেছে।

# CGOcomplex 

#SandipGhosh

#CBIoffice

#KolkataDoctorRapeandMurder 

#RGkarHospital   

#RGkarPrincipalSandeepGhosh    

#RGKARDoctorDeath    

#Latestbengalinews

About Post Author