Home » BR Singh Hospital: আরজিকর কাণ্ডের জের! এবার ডাক্তার-নার্সদের নিরাপত্তার স্বার্থে একগুচ্ছ পদক্ষেপ নিল বিআর সিং হাসপাতাল

BR Singh Hospital: আরজিকর কাণ্ডের জের! এবার ডাক্তার-নার্সদের নিরাপত্তার স্বার্থে একগুচ্ছ পদক্ষেপ নিল বিআর সিং হাসপাতাল

সময় কলকাতা ডেস্ক, ২৪ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি আরজিকর হাসপাতাল। আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় একের পর এক গাফিলতির অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিরাপত্তার অভাব বোধ করায় অনেক নার্স ও চিকিৎসক হস্টেল ছেড়ে চলে গিয়েছেন। নিরাপত্তা, সিসিটিভির যথাযথ ব্যবহারের মতো একাধিক বিষয় নিয়ে সরব চিকিৎসক সমাজ থেকে বিভিন্ন মহল। এবার এই ঘটনার জেরে একগুচ্ছ পদক্ষেপ নিল রেল হাসপাতাল। সম্প্রতি শিয়ালদা ডিআরএমের নেতৃত্বে বিআর সিং হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টরের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকেই হাসপাতালের সুরক্ষা বৃদ্ধির জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। রোগীদের সুবিধার্থে ইতিমধ্যেই বিআর সিং হাসপাতালের দুটি ডেডিকেটেড হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেইসঙ্গে ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ এবং রোগীর নিরাপত্তার স্বার্থে রেল হাসপাতালের সিসিটিভির সংখ্যা বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই ৩০টি নতুন সিসিটিভি ইনস্টল করা হয়েছে। আরও ১৩২টি সিসিটিভি স্থাপনের কাজ জরুরি ভিত্তিতে চলছে৷এর পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পরিচয় পত্র প্রদান সহ একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। হাসপাতালের দরজা খোলা এবং বন্ধ করার জন্য QR কোডিং সিস্টেমের থাকবে। এর পাশাপাশি প্যানিক বোতাম লাগানো, ডেডিকেটেড হেল্পলাইন নম্বর চালু হবে।

আরও পড়ুন   Mohun Bagan: হাড্ডাহাড্ডি ম্যাচে পঞ্জাবকে সাডেন ডেথে হারিয়ে ডুরান্ড সেমিফাইনালে মোহনবাগান

এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মত বৃহস্পতিবার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে CISF। এদিন দুপুর থেকেই সিআইএসএফ বাহিনীর হাসপাতাল চত্বর ও হোস্টেল মোতায়েনের প্রক্রিয়া চলছে। জানা গিয়েছে, প্রশাসনিক ভবন, এমার্জেন্সি বিল্ডিং,ট্রমা কেয়ার, স্ত্রীরোগ, এস‌এনসিইউ,ওপিডি,সার্জারি বিল্ডিং-সহ সবকটি হস্টেলে মোতায়েন থাকবে আধা সেনা বাহিনী। এছাড়াও হাসপাতালের যে তিনটি মূল গেট রয়েছে, সেখানেও মোতায়েন থাকছে বাহিনী। গেট ৬- ওপিডি গেটে আধাসেনা থাকবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। জরুরি বিভাগের দুই গেটে বাহিনী থাকবে ২৪ ঘণ্টাই।

এর পাশাপাশি বাহিনী মোতায়েন থাকবে অক্সিজেন প্ল্যান্ট, রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম থাকা ঘরেও। এছাড়া এমার্জেন্সি বিল্ডিং, ট্রমা কেয়ার, ওপিডি, প্রশাসনিক ভবনে থাকছে মেটাল ডিটেক্টর। আরজিকর হাসপাতালের গেস্ট হাউসে সর্বক্ষণের জন্য এসিপি পদমর্যাদার দুই আধিকারিক থাকছেন। অন্যদিকে, আরজিকরের দু’টি ছাত্র নিবাস-সহ নার্সিং হস্টেলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তিন শিফটেই হাসপাতাল চত্বরে থাকবে কিউআরটি (QRT)। ওপিডি-ইমার্জেন্সি বিল্ডিংয়ের প্রতি শিফটের নিরাপত্তায় ছ’জন জ‌ওয়ান মোতায়েন থাকবে। একই সঙ্গে বাহিনী পরিচালনায় খোলা হচ্ছে কন্ট্রোল রুম।

#BR Singh Hospital 

#RGkarHospital   

#RGKARDoctorDeath   

#Latestbengalinews

About Post Author