সময় কলকাতা ডেস্ক , ২৬ আগস্ট: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। সামনেই দুর্গাপুজো অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ইতিমধ্যেই কলকাতার অলিতে গলিতে শুরু হয়ে গিয়েছে পুজোর থিমের লড়াই। কলকাতার পাশাপাশি দুর্গাপুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বেলুড় মঠেও। সোমবার জন্মাষ্টমীর পুণ্য তিথিতে চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠে কাঠামো পুজো করা হল। এই কাঠামো পুজোর মধ্য দিয়ে বেলুড় মঠে দুর্গাপুজোর সূচনা হল। ইতিমধ্যেই মঠ প্রাঙ্গণে দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এদিন প্রথা মেনেই বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হল কাঠামো পুজো। বস্তুতপক্ষে দেবীর এটি স্থায়ী কাঠামো। প্রতিবছর দুর্গা প্রতিমার বিসর্জনের পরই কাঠামো তুলে এনে রাখা হয়। তাতেই বছর বছর মাটি লেপা হয়। তারপর জন্মষ্টমীর দিন থেকেই তা পুজো করা হয়। মঙ্গল আরতি করে কাঠামো পুজো সম্পন্ন হল বেলুড় মঠে। ফুল, ধূপ, বৈদিক মন্ত্রোচারণ, সন্ন্যাসীদের সমবেত প্রার্থনা দিয়ে দেবীর কাঠামোকে পুজো করা হয়। বেলুড় মঠ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, গত বছরের মত এবছরও দুর্গাপুজোর মণ্ডপ বাইরেই তৈরি করা হবে। এমনকী কুমারী পুজোর সময়ও উপস্থিত থাকতে পারবেন ভক্তরা।
ইতিমধ্যেই বেলুড় মঠে দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে- ৮ অক্টোবর, মঙ্গলবার মহাপঞ্চমীর দিন দেবীর বোধন হবে সন্ধে সাড়ে ৬টার সময়। ৯ অক্টোবর, মহাষষ্ঠীতে ভোর সাড়ে ছটায় কল্পারম্ভ। সন্ধে সাড়ে ছটায় অনুষ্ঠিত হবে আমন্ত্রণ ও অধিবাস। ১০ অক্টোবর, মহাসপ্তমীর দিন ভোর সাড়ে পাঁচটা থেকে সপ্তমী পুজো শুরু হবে। ১১ অক্টোবর মহাষ্টমীর পুজো শুরু হবে ভোর সাড়ে ৫টায়। কুমারী পুজো হবে সকাল ৯টায়। সন্ধিপুজো হবে বেলা ১১টা ৪৩মিনিট থেকে ১২টা ৩১ মিনিট পর্যন্ত। ১২ অক্টোবর, মহানবমীর পুজো শুরু ভোর সাড়ে ৫টা থেকে। সকাল ৯টা ৪৫ মিনিটে হোম অনুষ্ঠান পালিত হবে। ১৩ অক্টোবর, দশমী পুজো শুরু ভোর সাড়ে ৬টা থেকে। বিসর্জনের সময় সন্ধে পৌনে ৭টা।

ইতিমধ্যেই দুর্গাপুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বেলুড় মঠের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বেলুড় মঠের তরফে বলা হয়েছে, সপ্তমী থেকে নবমী, এই তিনদিন দেবীর ভোগারতির পর পুষ্পাঞ্জলি দিতে পারবেন দর্শনার্থীরা। এছাড়া তিনদিন শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আরতির পর সন্ধ্যারতি সম্পন্ন হবে। এছাড়াও পুজোর প্রণামি পাঠানোর জন্য দাতার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ প্যান কার্ড , আধার কার্ড অথবা ভোটার কার্ড যেকোনও একটি পাঠাতে হবে। সেক্ষেত্রে চেক অথবা ডিমান্ড ড্রাফ্ট পাঠানো হলে তাতে অবশ্যই ‘রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ’ কথাটি উল্লেখ রাখতে হবে। অন্যদিকে রেজিস্টার পোস্ট বা কুরিয়ার কোম্পানির মাধ্যমে অর্থ না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে মঠের পক্ষ থেকে। অনলাইনে প্রণামি পাঠানোর জন্য বেলুড় মঠের ডোনেশন ওয়েবসাইটটি ( https://donations.burmath.org ) ব্যবহার করতে বলা হয়েছে।
#Janmashtami2024 ,
#BelurMath ,
#KrishnaJanmashtami ,
#Latestbengalinews


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
গাড়ি বিস্ফোরণ : মুঘল সুলতানার আক্ষেপ, সাধের দিল্লি নগরীর কী হবে?
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?