সময় কলকাতা ডেস্ক, ২ সেপ্টেম্বরঃ বর্ষার তাণ্ডবলীলায় বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও। এখনও অবধি বন্যায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। জলের নিচে চলে গিয়েছে একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। নিখোঁজ বহু মানুষ। অন্ধ্রপ্রদেশে তিন জনের খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না। বন্যার জলের তোড়ে ভেসে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজ চলছে। এছাড়া, তেলঙ্গানাতেও এক জন নিখোঁজ। ঘরছাড়া হাজার হাজার মানুষ। মেঘভাঙা বৃষ্টিতে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফের। ১৭ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের আশ্রয়ের জন্য বহু ত্রাণশিবিরও খোলা হয়েছে। ত্রাণ বিলি করতে আধুনিক প্রযুক্তি, ড্রোন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
আরও পড়ুন Maa Flyover Accidentঃ মা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা! দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক

টানা বৃষ্টির জেরে হায়দরাবাদে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, অন্ধ্রপ্রদেশে টানা বৃষ্টিতে বিঘা বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেলেঙ্গানায়। এখনও সতর্কতা জারি করা রয়েছে। ফলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই মত প্রশাসনের। দুর্যোগের জেরে এই রাজ্যের অন্তত শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলেই জানা গিয়েছে। এখনও অবধি দক্ষিণ-মধ্য রেল ১৪০টি ট্রেন বাতিল করেছে। ৯৭টি ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। ট্রেন বাতিলের কারণে বহু যাত্রী এবং পর্যটক সমস্যায় পড়েছেন। অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার বিভিন্ন স্টেশনে ছ’হাজারের বেশি মানুষ আটকে রয়েছেন বলে খবর।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহর। সেখানকার দু’লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিজয়ওয়াড়ার মোগলরাজপুরমে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। বৃষ্টির জেরে পাহাড় থেকে দু’টি বাড়ির উপরে বড় পাথর গড়িয়ে পড়ে পাঁচ জনের প্রাণ গিয়েছে। এখানকার আম্বাপুরম, নয়নাভরম, নুন্না এবং পাথাপাডু ভেসে গিয়েছে । ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন। রাজ্য প্রশাসনকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের