Home » বিনীত গোয়েলের অপসারণ মামলার শুনানিতে রাজ্যের আইনজীবীদের ভূমিকায় প্রশ্ন উঠল হাইকোর্টে

বিনীত গোয়েলের অপসারণ মামলার শুনানিতে রাজ্যের আইনজীবীদের ভূমিকায় প্রশ্ন উঠল হাইকোর্টে

সময় কলকাতা ডেস্ক, ৫ সেপ্টেম্বর আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তারই মধ্যে আরজিকরের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ মামলায় রাজ্যের আইনজীবীদের ভূমিকায় প্রশ্ন উঠল হাইকোর্টে। জানা গিয়েছে, এদিন এই মামলার শুনানিতে রাজ্যের কোনও আইনজীবী হাজির ছিলেন না। আর এই ঘটনায় রীতিমতো বিরক্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। বিনীত গোয়েলের হয়ে মামলার নোটিশ গ্রহণের নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।আরজিকর কাণ্ডে প্রথম থেকেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্যাতিতার পরিবার তাঁর দিকে আঙুল তুলেছেন, তাঁর পদত্যাগ চেয়ে সরব হয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও। ইতিমধ্যেই বিনীত গোয়েলের পুলিশ মেডেল কেড়ে নিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন ‘আরজিকর হাসপাতালের অ্যাকাডেমিক ফান্ডের অপব্যবহার’, সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য CBI-র

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্যাতিতার নাম প্রকাশ্যে আনতে নিষেধ করেছিলেন। কিন্তু, তারপরেও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সংবাদমাধ্যমে নির্যাতিতার নাম উল্লেখ করেছেন বলে অভিযোগ তোলেন মামলাকারী তথা আইনজীবী অমৃতা পাণ্ডে। বুধবার সিপির পদত্যাগের দাবি তুলে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা করার আর্জি জানান তিনি। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল।

এদিকে, আরজিকর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের ছবি সমাজমাধ্যমে ব্যবহার করে বিতর্কিত পোস্ট করার ও অভিযোগ উঠেছে। আরজিকরের নির্যাতিতার ছবি-পরিচয় যাতে কোনওভাবে সোশ্যাল মিডিয়ায় না ছড়ায়, তার জন্য আগেও কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকলে তা ডিলিট করে দেওয়ারও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু সুপ্রিম নির্দেশের পরেও সোশ্যাল মিডিয়ায় এখনও আরজিকরের নির্যাতিতার নাম ও ছবি ছড়াচ্ছে বলেই অভিযোগ। সেই প্রেক্ষিতে এবার সিবিআই-র রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জয়েন্ট ডিরেক্টরের রিপোর্ট চাওয়া হয়েছে।

About Post Author