সময় কলকাতা ডেস্ক, ৭ সেপ্টেম্বরঃ আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। আন্দোলন বিক্ষোভের সঙ্গে চড়ছে রাজনীতির পারদও। তারমধ্যেই আবার কুণাল ঘোষেরর নিশানায় তৃণমূলের অভিনেতা সাংসদ দীপক অধিকারী বা দেব। ঘাটাল হাসপাতালে একটি ডায়ালিসিস যন্ত্রের উদ্বোধন নিয়ে ঘটনার সূত্রপাত। সমাজমাধ্যমে কটাক্ষ-পাল্টা কটাক্ষে জড়িয়ে পড়েন দুজনে।

কুণাল ঘোষ দাবি করেন, চলতি বছরের ১২ মার্চ ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস বিভাগ উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। স্থানীয় প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে ভার্চুয়ালি হয়েছিল সেই উদ্বোধন। ওই একই বিভাগ আবার ৪ সেপ্টেম্বর উদ্বোধন করেন ঘাটালের তৃণমূল সাংসদ। দুটি ছবি এক্স হ্যান্ডেলে পাশাপাশি রেখে দেবকে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল। তিনি লিখেছেন “এবার 4/9 ঐ একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে CMএর নাম পাল্টে MP. সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক!!” পোস্টের শেষে দেবকে ব্যঙ্গাত্মক শুভেচ্ছাো জানান কুণাল।
আরও পড়ুন: SSC Scam: সুপ্রিম কোর্টে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার সম্ভাব্য শুনানি ১০ সেপ্টেম্বর
উদ্বোধক হিসেবে মমতার নাম পাল্টে ফলকে দেবের নাম রাখা নিয়ে তীব্র আপত্তি তোলেন কুণাল।ওই পোস্ট রিপোস্ট করে কার্যত একটি খোলা চিঠি দেন ঘাটালের সাংসদ। তিনি লেখেন, “আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে।” তিনি চিঠি শেষ করেন এই বলে, “আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো।” পাল্টা আক্রমণ করতে ছাড়েননি কুণালও। তিনি বলেন, “টুপি পড়াবেন সিনেমায়, ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে দিদি উদ্বোধন করছেন। মেশিন আসুক বা যাই হোক, উদ্বোধন কি দুবার হয়? কুনাল আরও যোগ করেছেন “তোমরা নারদ। পেশা, সৌজন্যের দোহাই দিয়ে বিরোধীদের কাছে ভাল সাজবে, আর আমরা দলের সৈনিকরা শুধু বিষপান করে খারাপ হই।”
আরও পড়ুন: স্বাস্থ্য দফতরের পর এবার সন্দীপকে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল, সাসপেন্ড অভীক-বিরূপাক্ষ
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দলের প্রচারে যখন ঝড় তুলেছেন দেব। তখন বিজেপি শিবিরের হয়ে প্রচার করেছেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার মিঠুন চক্রবর্তী। যিনি অতীতে তৃণমূলের রাজ্যসভার সাংসদও ছিলেন। যা নিয়ে মিঠুনকে বারবার ঘাসফুল শিবিরের কটাক্ষের শিকার হতে হয়েছে। এমনকী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার বলে কটাক্ষ করেছিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতাকে। তখন দলনেত্রীর বদলে প্রজাপতি ছবির সহাভিনেতা মিঠুনের পাশে দাঁড়ান দেব। সাফ জানিয়ে দেন রাজনীতিতে এধরনের শব্দ প্রয়োগ তাঁর না পসন্দ। তখন কুণাল রোষে পড়তে হয়েছিল দেবকে। সৌজন্যের কথা বলেও দলের তৎকালীন মুখপাত্রের বাক্যবাণ থেকে রেহাই পাননি। আবারও ঘাটালের হাসপাতালে ডায়ালিসিস বিভাগের উদ্বোধন নিয়ে দেবকে আক্রমণ করলেন কুণাল। যা দেখে রাজনৈতিক মহলের দাবি, আরজি কর কাণ্ড নিয়ে ইতিমধ্যে চাপে রয়েছে রাজ্যের শাসক শিবির, তার উপর দলের অন্দরে দুই নেতার বাকযুদ্ধ আদতে অস্বস্তিতে ফেলবে ঘাসফুল শিবিরকে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?