Home » Moeen Ali: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ইংল্যান্ড অলরাউন্ডারের

Moeen Ali: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ইংল্যান্ড অলরাউন্ডারের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ সেপ্টেম্বরঃ গত একদশক ধরে ইংল্যান্ডের মিডল অর্ডার ও স্পিন বোলিংকে নির্ভরতা দিয়ে এসেছেন। কখনও বিধ্বংসী ব্যাটিং করে দলকে জিতিয়েছেন। আবার কখনও স্পিন সহায়ক পিচে বিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি। নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য জায়গা ছাড়তেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ৩৭ বছরের মঈন ।

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড। ইতিমধ্যে সেই সিরিজের দল ঘোষণা হয়ে গিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সেই দলে নাম নেই মঈন আলির। তখনই ধারনা করা হয়েছিল ধীরে ধীরে জাতীয় দলের দরজা বন্ধ হতে চলেছে তাঁর সামনে। কারণ আগামী প্রজন্মের অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছে ইংল্যান্ড দলে। তাঁদের কথা চিন্তা করেই এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে রাখেনি নির্বাচকরা। ক্রিকেট মহলের ধারণা দেওয়াল লিখন বুঝতে পেরে নিজেই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মঈন। অনেকে আবার এই সিদ্ধান্তকে অভিমানের সিদ্ধান্ত বলে মনে করছেন।

 কিন্তু কী বলছেন মঈন? একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “বর্তমানে আমার বয়স ৩৭। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের দলে আমি নেই। ইংল্যান্ডের হয়ে প্রচুর ক্রিকেট খেলার সুযোগ পেয়েছি। কিন্তু এবার নতুন প্রজন্মের সময়। আমাকে নির্বাচকমণ্ডলীর পক্ষ থেকে সেই বার্তা দেওয়া হয়েছে। তখন আমার মনে হল অবসরের আদর্শ। যা দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা পালন করেছি।”

আরও পড়ুনঃ Australia vs Scotland: অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম শতরান ইংলিসের, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় অজিদের

থ্রি লায়ন্সদের জার্সিতে ২০১৪ সালে মঈনের অভিষেক হয়। তার পর দেশের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই নিয়মিত খেলেছেন। মোট ১৩৮ টি ওডিআই, ৬৮ টি টেস্ট ও ৯২টি টি-টোয়েন্টি ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ইংল্যান্ডের হয়ে ১৩৮টি এক দিনের আন্তর্জাতিকে তাঁর ব্যাট থেকে এসেছে ২৩৫৫ রান। যার মধ্যে রয়েছে ৩ টি শতরান। বল হাতে ১১১টি উইকেটও নিয়েছেন। ৬৮টি টেস্টে করেছেন ৩০৯৪ রান। পাঁচটি শতরান করেছেন মঈন । ২০৪ টি উইকেট নিয়েছেন। ৯২টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ১২২৯ রান। পাশাপাশি ৫১টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়াও প্রায় দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যায় তাঁকে। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসে রয়েছেন বর্তমানে।

About Post Author