Home » মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সময় কলকাতা ডেস্ক, ৯ সেপ্টেম্বর: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। নারকীয় এই ঘটনার এক মাস অতিক্রম করলেও এখনও রহস্যের উদঘাটন হয়নি। বিচারের দাবি নিয়ে প্রতিদিন কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর সহ রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজগুলিতেই এই আন্দোলন চালিয়ে জুনিয়র চিকিৎসকরা। এহেন পরিস্থিতিতে সোমবার আরজিকর কাণ্ডের শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল বলেন, গত একমাস ধরে ডাক্তাররা প্রতিদিনই কর্মবিরতি পালন করছেন। যার কারণে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। ৬ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা পায়নি। এরপরই জুনিয়র চিকিৎসকদের নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন     ১০ জন নিয়েও বড় জয় স্পেনের, ৪-১ গোলে চুরমার করল সুইজারল্যান্ডকে

এদিন শীর্ষ আদালতের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র তথা রেসিডেন্ট ডাক্তাররা কাজে যোগ দিলে রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না। কিন্তু বিকেল ৫টার মধ্যে ডাক্তাররা কাজে যোগ না দিলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে রাজ্য। সেইসঙ্গে আদালত জানায়, ‘ ডাক্তাররা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করতে পারে না। সর্বোচ্চ আদালত তা সমর্থন করবে না। ডাক্তারদের কাজ রোগীদের পরিষেবা দেওয়া। আর চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে রাজ্যকে। চিকিৎসকদের নিরাপত্তায় কাজ করবেন এসপি এবং জেলাশাসকরা। সিসিটিভি ক্যামেরা বসানো থেকে শুরু করে আরও নানা পদক্ষেপ করা হবে।‘


উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে যায়। আজ, সোমবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি ছিল। শুনানিতে আগামী সোমবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর সিবিআইকে ফের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি বলেন, ‘ এখনই কিছু মন্তব্য করতে চাই না। তদন্তে প্রভাব পড়তে পারে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট অসম্পূর্ণ। আগামী সোমবার তদন্তের আবার স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে।’

#ChiefJusticeDYChandrachud
#SupremeCourt
#RGKarHospitalfinancialcorruptioncase 
#RGkarHospital   
#RGkarPrincipalSandeepGhosh    
#RGKARDoctorDeath    
#Latestbengalinews 

About Post Author