সময় কলকাতা ডেস্ক, ১৬ আগস্ট: আবার যৌন নির্যাতনের খবর যোগী রাজ্যে। অযোধ্যার রামমন্দিরের সাফাই কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে একাধিক দুষ্কৃতীর বিরুদ্ধে । নির্যাতিত তরুণীর অভিযোগ, ধর্ষণ করার পর তাঁকে বিষয়টি চেপে যাওয়ার জন্য হুমকিও দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন Barcelona: প্রস্তুত মেসির উত্তরসূরি! ইয়ামালের জোড়া গোলে জিরোনার বিরুদ্ধে বড় জয় বার্সেলোনার
পুলিশ সূত্রে খবর, অযোধ্যার এক কলেজে বিএ তৃতীয় বর্ষের ছাত্রী ওই নির্যাতিতা-তরুণী। পাশাপাশি সাফাই কর্মী হিসাবেও কাজ করতেন রামমন্দিরে। তাকে অন্য জায়গায় ভালো কাজ দেওয়ার মিথ্যে লালসা দেখিয়ে এই ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা। তরুণীর অভিযোগ, তাকে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে কয়েকজন বন্ধু মিলে দু’দিন ধরে গণধর্ষণ করেছে। এরপর সেখান পালিয়ে বাড়ি আসলেও নিস্তার মেলেনি তরুণীর। ঘটনাটি যাতে প্রকাশ্যে না আসে তার জন্য ক্রমাগত হুমকি শুনতে হয়েছে তাকে। অভিযুক্তরা সকলেই অযোধ্যার বাসিন্দা। নির্যাতিতা এদিন পুলিশকে জানিয়েছে বংশ চৌধুরী নামে এক পরিচিত তাঁকে বনবীরপুরের ওই গেস্ট হাউসে নিয়ে গিয়েছিল। সেখানেই গত ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত তাকে যৌন নির্যাতন করা হয়েছে।
তবে এখানেই থেমে থাকেনি অত্যাচার। নির্যাতিতা পুলিশের কাছে আরও বলেছেন, “প্রথমে ওদের ভয়ে পুলিশের কাছে আসতে পারিনি। তবে ২৫ আগস্ট যখন মন্দিরে আসছিলাম, পথে ওরা আবার আমায় ধরে একটি গাড়িতে তোলে। সেখানেই বংশ ছিল। সঙ্গে উদিত কুমার, শতরাম চৌধুরী ও দুজন অপরিচিত লোক আবার আমাকে যৌন হেনস্তা করার চেষ্টা করে। ওদের সাথে একপ্রকার লড়াই করে সেখান থেকে পুলিশের কাছে পালিয়ে এসেছি আমি।”

ঘটনার খবর প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেছেন, রাজ্যের নারী সুরক্ষার যে মারাত্মক খারাপ অবস্থা এই ঘটনা তার প্রমাণ। দোষীদের দ্রুত শাস্তির দাবি তুলে অখিলেশের প্রশ্ন, বিজেপির নেতারা রামরাজ্যের কথা বলে, তবে খোদ যোগীর রাজ্যে নারী সুরক্ষা কোথায়?


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের