Home » FC Barcelona: চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই হোঁচট, মোনাকোর কাছে হার বার্সেলোনার

FC Barcelona: চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই হোঁচট, মোনাকোর কাছে হার বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ সেপ্টেম্বর: লা লিগায় দুরন্ত ফর্মে থাকা বার্সেলোনা মুখ থুবড়ে পড়ল চ্যাম্পিয়ন্স লিগে। বৃহস্পতিবার রাতে এএস মোনাকোর কাছে হারতে হল ১-২ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই  লাল কার্ড দেখায় দশজনে হয়ে যায় কাতালানরা। সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘরের মাঠে জয় তুলে নেয় ফ্রান্সের ক্লাব মোনাকো।

আরও পড়ুন     কাটল জট! কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের , শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ

লা লিগায় ইতিমধ্যে পাঁচে পাঁচ করে ফেলেছে বার্সেলোনা। আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন হানসি ফ্লিকের ছেলেরা। কিন্তু ইউরোপ সেরা হওয়ার মঞ্চের বাস্তবতা ভিন্ন। সেটাই টের পাওয়া গেল বৃহস্পতিবার রাতে। ফরাসি লিগে বর্তমানে তিন নম্বরে থাকা দলের বিরুদ্ধে হোঁচট খেতে হল পাঁচ বারের ইউরোপ সেরাদের। যদিও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় এরিক গার্সিয়ার লালকার্ড। ম্যাচের ১০ মিনিটের মাথায় বক্সের বাইরে মোনাকোর গতিশীল উইঙ্গার তাকুমি মিনামিনোকে বিপজ্জনকভাবে ফাউল করেন বার্সার ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে নির্দেশ দেন রেফারি। তারপর ম্যাচের রাশ সম্পূর্ণভাবে চলে যায় স্বাগতিকদের দখলে।

১৬ মিনিটের মাথায় স্কোরবোর্ডে প্রথম পরিবর্তন হয়। সুন্দর একটি আক্রমণ থেকে গোল করে মোনাকোকে এগিয়ে দেন মাগনেস আকলিওচে। সেই গোল দলের ফুটবলারদের আরও উজ্জীবিত করে তোলে। প্রথম ২৫ মিনিটে বার্সার রক্ষণে বেশ জাঁকিয়ে বসেন মোনাকোর ফুটবলাররা। এই পরিস্থিতি থেকে স্পেনের দলকে ম্যাচে ফেরান লামিনে ইয়ামাল। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করেন তিনি। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের করা প্রথম গোল। এই গোলের ফলে প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম গোলদাতা হলেন তিনি। ১৭ বছর ৬৮ দিনের মাথায় চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোলটি করলেন ইয়ামাল। এই তালিকার শীর্ষে রয়েছেন বার্সারই আরও এক ফুটবলার। তিনি আনসু ফাতি। ১৭ বছর ৪০ দিনের মাথায় গোল পেয়েছিলেন তিনি।

যদিও ইয়ামলের নজির গড়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে পারল না কাতালানরা। ৭১ মিনিটে আবার একটি গোল হজম করে তাঁরা। নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দেন লেনিকেনা। দ্বিতীয়ার্ধে দশজনের বার্সার বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলে মোনাকো। বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছে গেলেও লক্ষ্যভেদ করতে পারেনি। যদিও শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়ে তারা।

#FCBarcelona  #LaLiga  

About Post Author