স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ সেপ্টেম্বর: চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনও হয়ে রইল পেসারদের। প্রথম দিনে বাংলাদেশের পেসারদের সামনে খুব বেশি সুবিধে করতে পারেননি রোহিত-বিরাটরা। সেই একই অস্ত্রে এবার পড়শি দেশকে ঘায়েল করল ভারত। বুমরা-আকাশদীপের আগুনে বোলিংয়ের সামনে মাত্র ১৪৯ রানে গুটিয়ে গেল বেঙ্গল টাইগারদের ইনিংস। একাই চার উইকেট নিলেন জসপ্রীত বুমরা। পাশাপাশি টেস্ট ক্রিকেটে চারশো উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন ভারতীয় পেস বোলিংয়ের অন্যতম নক্ষত্র। এছাড়া আকাশ দীপ ও সিরাজের ঝুলিতে গিয়েছে দুটি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ফলো অন করানোর সুযোগ থাকলেও ব্যাট করতে নামে ভারত।
আরও পড়ুন UEFA Champions League: রায়ার গ্লাভসে হার বাঁচল আর্সেনালের
দ্বিতীয় দিনের শুরুতে ভারতের তিনি পেসার জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও আকাশ দীপ নতুন বলে দাপট দেখান। তাঁদের বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশের টপ অর্ডার। মাত্র ৪০ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারী দল। বুমরা ও আকাশ দীপ দুটি করে উইকেট নেন। সিরাজ পান একটি উইকেট। সেই পরিস্থিতিতে লিটন দাস ও অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান দলের হাল ধরেন। ৫১ রানের জুটি খেলেন দুজনে। কিন্তু এক ওভারের মধ্যে এই দুই ব্যাটারকে ১ রানের ব্যবধানে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসে ধাক্কা দেন রবীন্দ্র জাদেজা। সাকিব করেন ৩২ রান। যা বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ। লিটন ফেরেন ২২ রানে।

পরে মেহেদী হাসান মিরাজের লড়াকু ২৭ রানের সৌজন্যে ১৪৯ রানে পৌঁছয় বাংলাদেশ। শেষের দিকে মেহেদীকে সঙ্গ দেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। ভারতের সামনে সুযোগ ছিল বাংলাদেশকে ফলো অন করানোর। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ভারত। চেন্নাইয়ের গরমে বোলারদের দিয়ে টানা বোলিং করানোর ঝুঁকি নিলেন না ভারত অধিনায়ক। তৃতীয় ইনিংসে দ্রুত রান তুলে বাংলাদেশকে আরও চাপে ফেলার কৌশল নিলেন তিনি। কারণ ম্যাচ যত গড়াবে চেন্নাইয়ের পিচে বল ঘুরবে। সেখানে ৪০০ রানের লক্ষ্য তাড়া করে জেতা সহজ হবে না কোনও দলের জন্য।
#IndiavsBangladeshMatch


More Stories
১০ জনে খেলেও ম্যানচেস্টার ডার্বি জয় সিটির
ভারতীয় ব্যাডমিন্টন জুটির নতুন ইতিহাস
শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি বললেন মেসি