সময় কলকাতা ডেস্ক, ২২ সেপ্টেম্বর: ফের ট্রেন দুর্ঘটনা। চলন্ত মালগাড়ি থেকে বিছিন্ন হয়ে গেল একাধিক কামরা। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্দপুরে। যদিও মালগাড়ির কোনও কামরাই লাইনচ্যুত না হওয়ায় এদিন বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এদিকে, এই দুর্ঘটনার জেরে আপ লাইনের ট্রেন চলাচল ব্যাহত। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় মালগাড়ির কামরাগুলি জোড়া লাগিয়ে লাইন থেকে সরানোর কাজ চলছে। সাধারণ যাত্রীবাহী ট্রেন হলে বড় ক্ষয়ক্ষতি হতে পারত বলে উদ্বেগ প্রকাশ করেছেন রেল আধিকারিকরা।
রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ ফরাক্কা-আজিমগঞ্জ ডিভিশনের ধুলিতান থেকে ট্রেনটি আসছিল। সেসময় আচমকাই চলন্ত মালগাড়ির ইঞ্জিনের দিকে কয়েকটি বগি বিছিন্ন হয়ে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খোদাবন্দপুর এলাকায়। যদিও কোনও কামরাই লাইনচ্যুত হয়নি। ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এদিকে, এই দুর্ঘটনার জেরে আপ লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপরেই যুদ্ধকালীন তৎপরতায় মালগাড়ির কামরাগুলি জোড়া লাগিয়ে লাইন থেকে সরানোর কাজ শুরু হয়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল? সেই বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই পরিষেবা স্বাভাবিক হবে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার রাত ১১টা নাগাদ একটি কয়লা বোঝাই মালগাড়ি ঝাঁসি থেকে সুন্দরগড় যাচ্ছিল। উত্তরপ্রদেশে মথুরার বৃন্দাবন রোডের কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। কমপক্ষে ২০টি কামরা লাইনচ্যুত হয়। মালগাড়ির কামরার ধাক্কায় বেশ কয়েকটি পিলার ভেঙে যায়। অন্যদিকে, মালগাড়িতে কয়লা থাকায় তা ট্র্যাকের উপরে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। রাত থেকেই ট্র্যাক মেরামতির কাজ শুরু হয়। এই দুর্ঘটনার জেরে আপ-ডাউন ট্র্যাকে ট্রেন চলাচল ব্যাহত হয়। চরম ভোগান্তির সম্মুখীন যাত্রীরা। আগ্রা, দিল্লি এবং গোয়ালিয়রগামী কমপক্ষে ১৫টি ট্রেন দেরীতে চলে।
#GoodsTrainDerailmentInFarakka , #Latestbengalinews, #MurshidabadGoodsTrainAccident


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান