সময় কলকাতা ডেস্ক, ২৮ সেপ্টেম্বর: আরজি কর কাণ্ড নিয়ে নাজেহাল রাজ্য সরকার। জনগণের রোষ থেকে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত তৃণমূলের অন্দরমহল। এরই মধ্যে এবার একটি শর্ট ফিল্মকে ঘিরে বিতর্কে জড়িয়ে পড়লেন তৃণমূল ছাত্র পরিষদের দুই মুখ। ছাত্রনেতা প্রান্তিক চক্রবর্তী পরিচালিত ওই শর্ট ফিল্ম বাজারে আসতে চলেছে যেখানে অভিনয় করতে দেখা যাবে ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদারকে। অল্প দৈর্ঘ্যের ওই ছবির বিষয় বস্তু কী? আরজি করের খুন ও ধর্ষণের ঘটনা কেন্দ্র করেই কী তৈরি এটা? জল্পনার পারদ তুঙ্গে উঠতেই রাজন্যা-প্রান্তিককে সাসপেন্ড করল তৃণমূল ছাত্র পরিষদ।
আরও পড়ুন: উপেক্ষিত বোরহাই নায়ক, আইএসএলে হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের
রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতির পদে নিয়োজিত ছিলেন প্রান্তিক চক্রবর্তী। আর যাদবপুর-ডায়মন্ডহারবার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতির পদ ছিল রাজন্যা হালদারের দায়িত্বে। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এক প্রেস বিবৃতিতে জানান, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাঁদের দু’জনকেই সাসপেন্ড করা হয়েছে। দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাঁদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই সাসপেনশন বজায় থাকবে। ওঁদের তৈরি শর্ট ফিল্মটি সম্পর্কে দল কিছুই জানত না। ওঁরা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ছবিটি বানিয়েছে। এর জন্য কোন ভাবে তৃণমূল দায়ী নয়।”
এদিন রাজন্যা ও প্রান্তিককে সাসপেন্ড করার আগেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সমাজ মাধ্যমে একটি পোস্টে করে লিখেছিলেন, “আরজি কর কাণ্ডের সুবিচার আমরা সবাই চাই। ঘটনাটি এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। এমন স্পর্শকাতর সময়ে ওই ঘটনাকে প্রচারে ব্যবহার করার মত মানসিকতার বিরোধী আমরা।” শুক্রবার দলের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে রাজন্যার কড়া প্রতিক্রিয়া, “আমি কোনও খুন করিনি, না আমায় সিবিআই দফতরে হাজিরা দিতে হয়েছে। আমার বাড়িতে রেড করে ইডি কোটি কোটি টাকাও পায়নি। কোন জায়গায় আমি দল বিরোধী আচরণ করে ফেললাম জিনেও জানিনা।” একই রকম প্রতিক্রিয়া প্রান্তিকেরও। আপাতত শর্ট ফিল্মটির ভবিষ্যৎ হিসাবে এদিন তিনি বলেছেন, “এখনও পর্যন্ত ২ অক্টবর ছবিটি মুক্তি পাওয়ার কথা, সেই তারিখ পিছিয়ে দেওয়া নিয়ে এক্ষুনি কোনও পরিকল্পনা নেই।”


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের