সময় কলকাতা ডেস্ক, ২৮ সেপ্টেম্বর: এক দশক পর গণতন্ত্রের মহোৎসবে শামিল হয়েছে কাশ্মীর। ভোটের অবহেই উপত্যকায় জঙ্গিদের আনাগোনা নিয়ে চিন্তায় ছিল কেন্দ্রীয় সরকার। সেই চিন্তায় পড়েছে ঘৃতাহুতি। এদিন ফের কাশ্মীরের কুলগামে হয়েছে জঙ্গি আক্রমণ। পুলিশ এবং জঙ্গিদের সংঘর্ষে চলেছে মুহুর্মুহু গুলি। জঙ্গিদের গুলিতে আহত তিন সেনা জওয়ান ও এক পুলিশকর্মী। শুক্রবার রাতে হয়েছে এই গুলির লড়াই। শনিবার পুলিশ সূত্রে খবর, বর্তমানে বিপদমুক্ত আহতরা।
আরও পড়ুন: শর্ট ফিল্ম নিয়ে বিতর্ক তুঙ্গে! দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক
জানা গিয়েছে, শুক্রবার মধ্যরাতে কাশ্মীরের আরিগাম এলাকায় জঙ্গিদের গতিবিধির খবর গোপন সূত্র মারফত কানে আসে নিরাপত্তা রক্ষীদের। খবর পাওয়া মাত্রই তাঁরা এক মুহূর্ত সময় নষ্ট করেনি। জঙ্গি দমনে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল। নিরাপত্তা রক্ষিদের উপস্থিতির আঁচ পেয়েই মুহুর্মুহু গুলি চালাতে শুরু করে জঙ্গি বাহিনী। সেখানে তাঁদের গুলিতে আহত হয়েছেন চারজন। যার মধ্যে ছিলেন তিনজন সেনা জওয়ান ও একজন পুলিশকর্মী। তৎক্ষণাৎ তাঁদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়। এখন তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। কাশ্মীর পুলিশের আইজিপি ভিকে বার্দি পুরো ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়েছেন। তাঁর কথায় ‘‘শুক্রবার আরিগামে জঙ্গি দমন অভিযান চালিয়ে আহত হয়েছেন তিন সেনা জওয়ান এবং এক পুলিশকর্মী। শনিবার সকাল পর্যন্ত চলেছে সংঘর্ষ।’’
উল্লেখ্য, কাশ্মীরে তিন দফায় বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ এখনও বাকি। সেই ভোট হবে আগামী ১ অক্টোবর। ভোটগণনা হবে ৮ অক্টোবর। তার আগে স্বভাবতই উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। বিশেষত জঙ্গিদের আনাগোনা বেড়েছে জম্মুর জেলা গুলিতে। প্রায় প্রতি দিনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সীমান্তে কর্মরত সেনা বাহিনীর দাবি, পড়শী দেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাও করছে জঙ্গিরা। এই আবহে ভোট সম্পূর্ণ মেটা না পর্যন্ত চিন্তা কাটছে না কেন্দ্রের। আপাতত পুলিশি ঘেরাটোপে মোড়া উপত্যকা। বিশেষ সতর্কতা জারি সেনাবাহিনীর মধ্যেও। গত দু’দফার মত পরবর্তী ও শেষ দফাতেও শান্তি পূর্ণ ভোট হবে বলেই আত্মবিশ্বাসী ভিকে বার্দি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
যুদ্ধের জাঁতাকলে ভারত