Home » Antoine Griezman: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ‘দ্যা লিটল প্রিন্স’

Antoine Griezman: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ‘দ্যা লিটল প্রিন্স’

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ অক্টোবরঃ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের তারকা ফুটবলার আঁতোয়া গ্রিজম্যান । বিশ্ব ফুটবলে যিনি পরিচিত ‘লে পেটিট প্রিন্স’ বা ‘ছোট্ট রাজপুত্র’ নামে। শেষ দুটি বিশ্বকাপের ফাইনালে প্রতিনিধিত্ব করেছিলেন দেশের হয়ে। এ বার মাত্র ৩৩ বছর বয়সে ফ্রান্সের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। গত রবিবার লা লিগায় মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় গ্রিজম্যানের দল অ্যাটলেতিকো মাদ্রিদ। সেই ম্যাচের পরের দিন জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন গ্রিজম্যান।

নিজের সমাজমাধ্যমে একটি আবেগঘন ভিডিও পোস্ট করে অবসরের কথা ঘোষণা করেন ফরাসি ফরোয়ার্ড। সাত বছরের উজ্জ্বল ক্যারিয়ারে জাতীয় দলের সঙ্গে জড়িয়ে থাকা সব স্মৃতি সেই বার্তায় প্রতিফলিত হয়েছে। পাশাপাশি অটল সমর্থনের জন্য ভক্ত এবং সতীর্থদের কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি গ্রিজম্যান ।

২০১৪ সালে প্রথম দেশের জার্সিতে অভিষেক হয়েছিল আঁতোয়া গ্রিজম্যানের। তারপর টানা দশ বছর দেশের হয়ে খেলেছেন ১৩৭ টি ম্যাচ। গোল করেছেন ৪৪ টি। তবে তাঁর জীবনের সব থেকে বড় কৃতিত্ব অবশ্যই দেশের জার্সিতে ২০১৮ বিশ্বকাপ জয়। দেশের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। প্রতিযোগিতার সাত ম্যাচে চারটি গোল করেছিলেন। ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও গোল করেছিলেন। পাশাপাশি, সতীর্থদের দিয়েও সমসংখ্যক গোল করিয়েছিলেন। তাঁর অবদান শুধু গোলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সেই বিশ্বকাপে অনবদ্য ফুটবল উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন ফুটবল বিশ্বের।  

আরও পড়ুনঃ OPTICAL ILLUSIONS: মাত্র ১ শতাংশ পাঠক নীচের দেওয়া ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পেরেছেন, আপনি পারবেন?

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁর দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন গ্রিজম্যান। কখনও উইঙ্গার, কখনও ফরোয়ার্ড আবার কখনও ডিপার প্লে-মেকার হিসেবে কোচের মুশকিল আসান হয়ে উঠেছিলেন বাঁ পায়ের এই ফুটবলার। ফুটবলের আঙিনায় একাধিক পজিশনে খেলার প্রতিভা, টেকনিক্যাল দক্ষতা ও ফুটবল বুদ্ধিমাতা তাঁকে ফ্রান্সের জাতীয় দলে অপরিহার্য করে তুলেছিল। আন্তর্জাতিক ফুটবল থেকে হঠাৎ করে বিদায়ের সিদ্ধান্ত ফ্রান্স দলে বড় শূন্যতা তৈরি করবে বলে মত ফুটবল বিশেষজ্ঞদের। তবে এ কথা নিঃসন্দেহে বলা যায় দীর্ঘ দশ বছরের ক্যারিয়ারে তাঁর রেখে যাওয়া উত্তরাধিকার অনেক বছর মনে রাখবেন ফরাসি ফুটবল ভক্তরা।

About Post Author