স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ অক্টোবরঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। গলে আয়োজিত প্রথম ম্যাচে ৬৩ রানে হারের পর, দ্বিতীয় টেস্টে ওই একই মাঠে ইনিংস ও ১৫৪ রানে হারতে হয়েছিল কিউয়ি ব্রিগেডকে। দুই টেস্টের সিরিজে ০-২ ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়ার পর প্রবল চাপে রয়েছে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজয়ীরা। তাদের পরের প্রতিপক্ষ ভারত। যারা সদ্য ঘরের মাটিতে বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে। প্রতিযোগিতা শুরুর ১৪ দিন আগে কিউয়ি দলের নেতৃত্বে ঘটে গেল রদবদল। লাল বলের সিরিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন টিম সাউদি । তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

শ্রীলঙ্কা সফরের ধাক্কা সামলিয়ে ভারত সফরে আসছে নিউজিল্যান্ড। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-নিউ জিল্যান্ড তিন টেস্টের সিরিজ। তার আগে দলের নেতৃত্ব ছাড়লেন টিম সাউদি । ২০২০ সালে প্রথম দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন এই জোরে বোলার। ২০২২ সাল পর্যন্ত দলকে নেতৃত্ব দেন তিনি। পরে ফের দ্বিতীয়বারের জন্য কিউয়িদের নেতৃত্বভার তাঁকে দেওয়া হয়। এই নিয়ে সাউদি বলেন, “দলকে নেতৃত্ব দেওয়া আমার জন্য অন্যরকমের একটা অনুভূতি। যে কোনও ক্রিকেটারের কাছে এটা খুব সম্মানের। আমি সব সময় দলকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেছি। দলের জন্য ভাল হবে বলেই আমি অধিনায়কের দায়িত্ব ছাড়লাম। আমি ফর্মে ফিরলে আসলে দল লাভবান হবে। আমি চাই মাঠে নিজের সেরাটা উজাড় করে দিতে। টেস্ট ক্রিকেটে আরও উইকেট পেতে চাই।”
আরও পড়ুনঃ Antoine Griezman: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ‘দ্যা লিটল প্রিন্স’
মোট ১৪টি টেস্টে নিউ জ়িল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ৩৫ বছরের সাউদি। অধিনায়ক হিসেবে মোট ছ’টি টেস্ট জিতেছেন। হেরেছেনও ছ’টিতে। তার মধ্যে অন্যতম দুটি টেস্ট হল শ্রীলঙ্কার বিরুদ্ধে। কিন্তু দলকে নেতৃত্ব দেওয়ার প্রভাব পড়েছিল তাঁর বোলিংয়ে। ১৪ ম্যাচে মাত্র ৩৫টি উইকেট পেয়েছেন তিনি। শ্রীলঙ্কা সফরে তাঁর ঝুলিতে গিয়েছে নামমাত্র দু’টি উইকেট। দলের অভিজ্ঞ পেসারের এই ফর্ম দলের সার্বিক খেলায় প্রভাব ফেলেছে। তবে অধিনায়কত্ব ছাড়লেও ভারত সফরে তিনি যে আসবেন তা নিশ্চিত।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার