সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ৪ অক্টোবর: ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি বিশ্বকাপ জয়ের পরই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। বিদায়ী রথে সওয়ার হয়েছেন কিং বদন্তী বিরাট কোহলিও। কার্যত, ছোট ফরম্যাটে ভারতীয় দলে তৈরি হয়েছে বড় শূন্যস্থান। কে পূরণ করবে সেই জায়গা? সূর্য কুমারের অধিনায়িত্বে এবার এই প্রশ্নের উত্তর খুঁজতেই কি গুটি সাজাচ্ছেন কোচ গৌতম গম্ভীর। রবিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ টি-টিয়েন্টি সিরিজ। এই সিরিজে গম্ভীর দল সাজিয়েছেন নতুন প্রতিভাদের নিয়ে। যে দলে বিশ্বকাপ জিতে আসা প্লেয়ার রয়েছেন মাত্র চার জন। অপরদিকে বাংলাদেশ দলের অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই নামতে চলেছে ভারতের বিরুদ্ধে। পরপর দুটি টেস্টে গো-হারা হেরে, এবার কুড়ির ফরম্যাটে ভারতের যুব প্রতিভাদের সামনে বাংলাদেশ কতটা প্রতিদ্ধন্দিতা গড়ে তুলতে পারে তাই দেখার।

২০২৬ সালে অনুষ্ঠিত হবে পরবর্তী কুড়ি ওভারের বিশ্বকাপ। তাঁর জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন ভারতের দুটি বিশ্বকাপ জয়ী ব্যাটার তথা বর্তমান দলের হেড কোচ গৌতম গম্ভীর। ৬ অক্টোবর থেকে শুরু টি-টিয়েন্টি সিরিজে দলে অধিনায়ক সূর্যকুমার যাদব সহ গৌতম দলে রেখেছেন অভিষেক শর্মার মত বিধ্বংসী ব্যাটার। কিছুদিন আগে জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁর অসাধারণ শতরান দেখে মুগ্ধ হয়েছিল প্রাক্তন ক্রিকেটাররা। এই মুহূর্তে ভারতীয় দলে তাঁর মত আগ্রাসী ব্যাটিং একমাত্র যশস্বী ছাড়া কাউকেই দেখা যায় না। দলে রয়েছেন সঞ্জু স্যামসাংয়ের মত অভিজ্ঞ ব্যাটার ও উইকেট রক্ষক, আইপিএলে তাঁর নজর কাড়া পারফরমেন্সের সৌজন্যে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা করে নিয়েছিলেন তিনি। সঞ্জুর বিকল্প হিসাবে রয়েছেন জিতেশ শর্মা। দলে রয়েছেন রিঙ্কু সিং। মিডিল অর্ডারে নেমে তাঁর আগ্রাসী ব্যাটিং আইপিএল থেকে শুরু করে প্রশংসা কুড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। যদিও বর্তমানে সেই ছন্দে দেখা যাচ্ছে না রিঙ্কুকে। এই মুহূর্তে দলের সব থেকে অভিজ্ঞ খেলোয়াড় হিসাবে রয়েছেন হার্দিক পান্ডিয়া। চলতি সময়ে বিশ্বের প্রথম দশ জন অলরাউন্ডারের মধ্যে তাঁর নাম আসে। এছাড়াও রিয়ান পরাগ, শিবম ডুবে ও ওয়াসিংটন সুন্দরের মত অলরাউন্ডারদের দলে রেখেছেন গম্ভীর। যাঁরা বল ব্যাট উভয় বিভাগেই দলকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
আরও পড়ুন: Mohun Bagan: মিনি ডার্বির আগে মনবীরের চোট, চিন্তা বাড়ল সবুজমেরুন শিবিরের
রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতেও ভরসা রেখেছেন কোচ। আইপিএলে নাইটদের হয়ে বরুণের চোখ ধাঁধানো প্রদর্শন তাঁকে ফের জাতীয় দলে জায়গা করে দিয়েছে। এছাড়াও এবারের বাংলাদেশ সিরিজেই জাতীয় দলে অভিষেক হতে পারে নাইটদের আরও এক অস্ত্র হার্ষিত রানার। গত আইপিএল মরশুমে বিরাট কোহলি থেকে শুরু করে বিশ্বের তাবর তাবর ব্যাটাররা তাঁকে উইকেট দিয়ে ফিরেছিলেন সাজঘরে। কার্যত বাংলাদেশের বিরুদ্ধে রানা ভয়ংকর হয়ে উঠতে পারে। এছাড়া দুটি বিশ্বকাপ খেলে আসা অভিজ্ঞ বা-হাতি বোলার অর্শদীপের সিংয়ের সঙ্গে পেস বিভাগ সামলাবে ময়ঙ্ক যাদব। কাশ্মীরের উমরান মালিকের দুর্দান্ত পেস নিয়ে ক্রিকেট মহলে আলোচনা হলেও, খারাপ লাইন-লেন্থের কারণে তার উপর ভরসা করতে নারাজ দল। তবে সেই একই রকম পেস নিয়ে উঠে এসেছে নতুন এক নাম, ময়ঙ্ক। লখনৌয়ের হয়ে আইপিএল ২০২৪ মরসুমে ময়ঙ্ক চার ম্যাচ খেলে নিয়েছেন সাত উইকেট। বোলিং অ্যাভারেজে ১২.১৪। তবে তাঁর সব থেকে বড় গুন ১৫০ কিমি প্রতি ঘন্টা গতিতে বল করার ক্ষমতা। সঙ্গে সঠিক লাইন-লেন্থ তাঁকে বিশেষ করে তুলেছে। আগুয়ান সিরিজে অভিষেক হতে পারে ময়ঙ্কেরও।
অন্যদিকে, বাংলাদেশ দল সাজিয়েছে অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই। যে দলে নাজমুল হোসেন শান্তর অধিনায়ত্বে খেলবেন তানজিদ হাসান, লিটন দাস, জাকির আলী, মাহামুদুল্লাহ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের মত ক্রিকেটাররা। এর মধ্যেও বিশেষ নজরে থাকবেন তানজিম হাসান শাকিব। গত বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলির উইকেট ছিটকে দিয়ে সকলের নজরে এসেছিলেন তিনি। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে কুড়ি ওভারের ক্রিকেটে আগ্রাসী মনোভাবই জয় ছিনিয়ে নেওয়ার একমাত্র পন্থা। লিগের খেলা হোক বা আন্তর্জাতিক ক্রিকেট দুশোর উপরে রান না করলে জয় নিশ্চিত করা কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় দল বাংলাদেশের তুলনায় এক কদম এগিয়ে রয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। তবে কোচ গম্ভীরের সাজানো নতুন ছক কতটা কাজ করবে তাঁর প্রমান পাওয়া যাবে রবিবার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার