Home » Mohun Bagan: মিনি ডার্বির আগে মনবীরের চোট, চিন্তা বাড়ল সবুজমেরুন শিবিরের

Mohun Bagan: মিনি ডার্বির আগে মনবীরের চোট, চিন্তা বাড়ল সবুজমেরুন শিবিরের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ অক্টোবরঃ ইন্ডিয়ান সুপার লিগের শুরুতেই বড় হোঁচট খেয়েছে মোহনবাগান। প্রথম তিন ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে মোলিনা ব্রিগেড। শেষ ম্যাচে কান্তিরাভায় সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ০-৩ গোলে পর্যদুস্ত হতে হয়েছে। বর্তমানে ৩ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে তালিকার দশ নম্বরে রয়েছে গতবারের লিগ শিল্ডজয়ীরা। চলতি মরশুমে প্রচুর অর্থ ব্যয় করে দল গড়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। দলে তারকার ছড়াছড়ি। ভারতের প্রথম ক্লাব হিসেবে তিন বিশ্বকাপারকে দলে নিয়েছে তাঁরা। কিন্তু ইতিমধ্যে ডুরান্ড কাপ হাতছাড়া। আইএসএলে  বেশ চাপে রয়েছে ম্যারিনার্সরা। এই পরিস্থিতিতে রাত পোহালেই মিনি ডার্বিতে নামতে চলেছেন তারা। তার আগে আবারও চোট সমস্যা মাথাচাড়া দিয়ে উঠল কলকাতার অন্যতম প্রধানে।

বেঙ্গালুরুর বিরুদ্ধে শুধু হেরেই মাঠ ছাড়েনি মোহনবাগান। সুনীলদের বিরুদ্ধে মাঠে নেমে চোট পেয়েছেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার আব্দুল সামাদ। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামার দশমিনিটের মধ্যে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় জাতীয় দলের সৃজনশীল এই মিডফিল্ডারকে। শনিবার মহামেডানের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। ম্যাচ শুরুর ৪৮ ঘন্টা আগে দলের অনুশীলনে হাজির থাকলেও বল পায়ে তাঁকে দেখা যায়নি। এসবের মধ্যে এ বার চোট পেলেন মনবীর সিং। একদিন আগে অনুশীলন শেষে পায়ের গোড়ালিতে চোট পান তিনি। অনুশীলন না করে ফিজিওর কাছে সময় কাটিয়ে ফিরে যান। যা অবস্থা মহামেডানের বিরুদ্ধে তাঁকে দলে পাওয়া নিয়ে রয়েছে সংশয়।

আরও পড়ুনঃ Carles Cuadrat: বিদায়বেলায় আবেগঘন বার্তা কুয়াদ্রাতের, কী লিখলেন ইস্টবেঙ্গলকে একযুগ পর ট্রফি জেতানো কোচ?

এসবের মধ্যেও একটাই ইতিবাচক দিক। চোট সারিয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন অ্যালবার্তো রড্রিগেজ। মরশুমের শুরু থেকে রক্ষণের দুর্বলতা প্রকট হয়েছে। ডুরান্ড কাপের ফাইনালে দুই গোলের ব্যবধান ধরে রাখতে পারেনি মোহনবাগান। এই পরিস্থিতিতে দলের রক্ষণ মেরামতের কাজ করছেন মোলিনা। অনুশীলনে দেখা যায় সেটপিস ও উইং দিয়ে আক্রমণ রোখার দিকে বিশেষ নজর দিয়েছেন তিনি। শনিবার হয়ত শুরু থেকে অ্যালবার্তোকে খেলাবেন তিনি। গত ম্যাচে তাঁর অনুপস্থিতির জন্য গোল হজম করতে হয়েছে বাগানকে। সব ব্যর্থতা ভুলে মহামেডানের বিরুদ্ধে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া সবুজ মেরুন শিবির।

About Post Author