স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ অক্টোবরঃ অপ্রতিরোধ্য জো রুট । পাকিস্তানের বিরুদ্ধে ফের শতরান পেলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। টেস্ট ক্রিকেটে পূর্ণ করলেন ৩৫ তম শতরান। অ্যালিস্টার কুককে টপকে দেশের সর্বোচ্চ টেস্ট রানের মালিক হয়ে গেলেন তিনি। একই সঙ্গে বিশ্বের সর্বোচ্চ টেস্ট রানের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন ৩৩ বছরের ইংরেজ ক্রিকেটার।

পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ব্র্যান্ডন ম্যাককুলামের শিষ্যরা। গত ৭ অক্টোবর থেকে মুলতানে শুরু হয়েছে প্রথম টেস্ট। সেই টেস্টে নামার আগে কুকের থেকে ৭১ রান পিছনে ছিলেন রুট। স্বাগতিকদের ৫৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওলি পোপের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। সেখান থেকে দলকে টেনে তোলেন রুট-ক্রলি জুটি। স্কোরবোর্ডে ১১২ রান যোগ করার পর এই জুটি ভাঙে। ৭৮ রান করে ফেরেন ক্রলি। দ্বিতীয় উইকেটে বেন ডাকেটকে সঙ্গী করে ১৩৬ রানের জুটি গড়েন রুট। ৮৪ রান করে শাহীন শাহ আফ্রিদির বলে ডাকেট আউট হন। তারপর হ্যারি ব্রুকের সঙ্গে দলের রানকে এগিয়ে নিয়ে যান রুট। ৬৭ রানের মাথায় পরিচিত কভার ড্রাইভে চার মেরে ইংল্যান্ডের সর্বাধিক রানের নজির গড়েন তিনি। মধ্যাহ্নভোজের সময় তাঁকে পিঠ চাপড়ে উৎসাহিত করতে দেখা যায় সতীর্থ ও কোচিং স্টাফদের।
আরও পড়ুনঃ Cristiano Ronaldo: মোহনবাগানের মত এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ছেঁটে ফেলা হবে রোনাল্ডোদের ক্লাবকে?
বর্তমানে সর্বোচ্চ টেস্ট রানের মালিক সচিন তেন্ডুলকর। ৩২৯ ইনিংসে ১৫,৯২১ রান করেছেন তিনি। ২০১৩ সালে শেষ টেস্ট খেলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী। তারপর এগারো বছর কেটে গেলেও কেউ সেই রেকর্ড ভাঙতে পারেননি। বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে তাঁর কাছাকাছি অবস্থান করছেন জো রুট। সাড়ে বারো হাজার রান ইতিমধ্যে করে ফেলেছেন তিনি। এখনও কয়েক বছর খেলা চালিয়ে গেলে রুটের সামনে সম্ভাবনা রয়েছে সচিনের রেকর্ড ভেঙে দেওয়ার। এখনও মাস্টার্স ব্লাস্টার্সের মোট রানের থেকে প্রায় তিন হাজার রান পিছিয়ে রয়েছেন রুট। কিন্তু বয়সের দিক থেকে এখনও অনেকটা সময় রুটের কাছে রয়েছে। আগামী দিনে রুট সচিনের রেকর্ড ভেঙে দেবেন বলে দাবি করেছেন অ্যালিস্টার কুকও।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার