সময় কলকাতা ডেস্ক, ১০ অক্টোবরঃ মহাসপ্তমীর সকালে কলকাতায় পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বেলুড় মঠে গিয়ে পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পাশাপাশি উদ্বোধন করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর। বাংলায় দাঁড়িয়ে নাড্ডার বার্তা, বাংলায় ন্যায়ের জন্য লড়াই জারি থাকবে।

উৎসবের আমেজে মেতে উঠেছে রাজ্যবাসী। রাস্তায় নেমেছে মানুষের ঢল। প্যাণ্ডেলে প্যাণ্ডেলে তিল ধারণের ঠাঁই নেই। অন্যদিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিলোত্তমার বুকে চলছে আন্দোলনকারী চিকিত্সকদের আমরণ অনশন, ধর্ণা। কলকাতার রাজপথে দফায় দফায় জারি প্রতিবাদ। এসবের মাঝেই মহাসপ্তমীতে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা। আবার সম্পর্কের সূত্রে বাংলার জামাই।
তাঁর সঙ্গে বিমানবন্দর থেকে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মহাসপ্তমীর সকালে কলকাতায় এসে বেলুড় মঠ যান জেপি নাড্ডা। চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠে চলছে দুর্গাপুজো। এ দিন সেখানে গেলেন জেপি নাড্ডা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা রাহুল সিনহারা। সেখান থেকে জেপি নাড্ডা পৌঁছন বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোতে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো উদ্বোধন করেন জেপি নাড্ডা। প্রার্থনা করেন। সেখানে মন্ত্রী জেপি নড্ডা বলেন, বাংলায় ন্যায়ের জন্য লড়াই জারি থাকবে। অন্যায় শেষ হবেই।
লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির শোচনীয় পরাজয়ের পর এবার বঙ্গে আসলেন জেপি নাড্ডা। পুজোর আবহেই আরজি কর হাসপাতালের ঘটনায় কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের। ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন তাঁরা। আরজি কর হাসপাতালের ঘটনায় বিজেপি বিশেষ ফায়দা তুলতে পারেনি। বরং সেখানে গিয়ে গো–ব্যাক স্লোগান শুনতে হয় বিধায়ক অগ্নিমিত্রা পল এবং তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সেখানে বৃহস্পতিবার জেপি নাড্ডার বাংলা সফর। বাংলায় যখন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসেছেন তখন ধর্মতলায় ১০ দফা দাবি নিয়ে অনশন–বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সরকারি হাসপাতালের পাশাপাশি রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিও আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বাংলার সফর বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


More Stories
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি