স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ অক্টোবরঃ মহিলা ক্রিকেটে বরাবর আধিপত্য দেখিয়ে এসেছে অস্ট্রেলিয়া। জয়ী হয়েছে আইসিসির একদিন ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশিরভাগ সংস্করণে। ছ’বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ীদের হারিয়ে এ বার বড় অঘটন ঘটাল দক্ষিণ আফ্রিকা । বৃহস্পতিবারের সেমিফাইনালে তাহিলা ম্যাকগ্রার দলকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে নজির গড়লেন লরা উলভার্টরা। পুরুষদের পর এ বার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুনঃ Lionel Messi: দেশের জার্সিতে ফের জ্বলে উঠলেন মেসি, বলিভিয়াকে হাফডজন আর্জেন্টিনার
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা ।প্রথমে ব্যাট করার সুযোগ অজিদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ কাজে লাগাতে পারেনি। ছ’বারের চ্যাম্পিয়নদের ব্যাটিং আগ্রাসন এ দিন দেখা যায়নি। বরং মেরিজেন কাপেরা অনেক বেশি হোমওয়ার্ক সেরে মাঠে নেমেছিলেন। শুরুতেই দুই উইকেট হারায় গতবারের চ্যাম্পিয়নরা। বেথ মুনি ও তাহিলা ম্যাকগ্রা অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডকে সচল রেখেছিলেন। কিন্তু রানের গতি বাড়েনি।৩৩ বলে ২৭ রানের মাথায় তাহিলা আউট হন। বেথ মুনি ফেরেন ৪২ বলে ৪৪ রান করে। শেষের দিকে ২৩ বলে ৩১ রান করেন এলিস পেরি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রান তোলে অস্ট্রেলিয়া।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ওপেনার লরা উলভার্ট শুরুটা ভাল করেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন তিন নম্বরে নামা অ্যানকে বস্ক। ৯৬ রানের জুটি গড়েন দুজনে। ৩৭ বলে ৪২ রান করে অ্যানেবেল সাদারল্যান্ডের বলে উলভার্ট আউট হন। তারপর দলকে এগিয়ে নিয়ে যান বস্ক। ৪৮ বলে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ১৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন বাস্ক।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে