Home » Pakistan vs England: এক বছর তিন মাস পর টেস্ট ক্রিকেটে জয় পেল পাকিস্তান, সাজিদ-নোমান জুটিতে ধরাশায়ী ইংল্যান্ড

Pakistan vs England: এক বছর তিন মাস পর টেস্ট ক্রিকেটে জয় পেল পাকিস্তান, সাজিদ-নোমান জুটিতে ধরাশায়ী ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ অক্টোবরঃ গতবছর জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট জিতেছিল পাকিস্তান। তারপর প্রায় একবছর তিন মাসে একাধিক টেস্টে ধরাশায়ী হতে হয়েছে তাদের। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজে হারতে হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ম্যাচে লজ্জার হারের মুখোমুখি হতে হয়েছে। দল থেকে বাদ পড়েছেন দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদি। এই কঠিন পরিস্থিতিতে কিছুটা স্বস্তি পেল ইমরান খান-ওয়াসিম আক্রমদের দেশ। বেন স্টোকসদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরালেন শান মাসুদরা। ১৫২ রানে জয় পেয়েছেন তাঁরা। পাশাপাশি, ব্যাট হাতে কামরান গুলাম ও বল হাতে সাজিদ খান ও নোমান আলির পারফরম্যান্স নতুন দিশার সন্ধান দিল ৯২ বিশ্বকাপজয়ীদের।

খাদের কিনারায় পৌঁছে যাওয়া পাকিস্তান ক্রিকেট উত্তরণের পথ খুঁজছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল দলের দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদিকে। বাবরের বদলে দলে সুযোগ পান কামরান গুলাম। প্রথম ইনিংসেই শতরান করেন তিনি। সেই সুবাদে পাকিস্তান তোলে ৩৬৬ রান। জবাবে ব্যাট করতে নেমে প্রথম টেস্টের এক ইনিংসে ৮০০-র বেশি রান করা ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২৯১ রানে। রুট-ব্রুকসদের ইনিংস তাসের ঘরের মত ভেঙে পড়ে দুই পাক স্পিনার সাজিদ খান ও নোমান আলির দাপটে। সাজিদ ৭ ও নোমান ৩ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান করে ২২১ রান। সলমন আলি আঘা ছাড়া তেমন উল্লেখযোগ্য রান কেউ করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্য রেখেছিল স্বাগতিকরা।

আরও পড়ুনঃ Women T20 World Cup: ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

মুলতানের পিচে এই রান তাড়া করার কাজটা সহজ ছিল না। তারপর পাকিস্তানের দুই স্পিনার জুটি ফের ইংল্যান্ড ইনিংসে ফের ধাক্কা দেন। একের পর এক ইংরেজ ব্যাটারকে ফেরালেন তাঁরা। প্রথম ধাক্কাটা দিয়েছিলেন সাজিদ খান। শেষ ধাক্কা দেন নোমান আলি। নোমান এই ইনিংসে একাই আটটি উইকেট নিলেন। পাকিস্তানের হয়ে নবমবার কোনও বোলার এক ইনিংসে এই কীর্তি গড়লেন। জো রুট, ব্রুকস, বেন স্টোকসের মত ব্যাটারদের ফেরালেন নোমান। পাকিস্তানের হয়ে এই নিয়ে ১৬টি টেস্ট খেললেন ৩৮ বছরের নোমান। প্রথম কোনও ম্যাচে ১০ উইকেট নিলেন তিনি। টেস্ট ক্রিকেটে ৫৮ উইকেট নিলেন তিনি। নোমান এবং সাজিদ মিলেই ইংল্যান্ডের ২০টি উইকেট তুলে নিলেন। ১৪৪ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

About Post Author