Home » উপনির্বাচন ২০২৪ : বঙ্গে কে কোথায় এগিয়ে , ৬ কেন্দ্রের তুল্যমূল্য বিশ্লেষণ

উপনির্বাচন ২০২৪ : বঙ্গে কে কোথায় এগিয়ে , ৬ কেন্দ্রের তুল্যমূল্য বিশ্লেষণ

পুরন্দর চক্রবর্তী, অর্পন ঘোষ ও দীপ সেন, সময় কলকাতা, ২০ অক্টোবর : উপনির্বাচন ২০২৪।  ১৩ নভেম্বর বঙ্গে ছটি কেন্দ্রে উপনির্বাচন। এত দিন প্রার্থী বাছাই ও নাম ঘোষণা নিয়ে জোর জল্পনা চলছিল। এনিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই ভোটের আবহে  বঙ্গে এই মুহূর্তে  দুটি দলের মধ্যে প্রধান লড়াই। বিজেপি ছটি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করতেই শাসক দল তৃণমূল  তাদের প্রার্থীর নাম ঘোষণা করে বুঝিয়ে দিয়েছে তারা ১৩ তারিখে সম্মুখ সমরের জন্য প্রস্তুত। দেখে নেওয়া যাক তৃণমূল ও বিজেপির প্রার্থীদের নাম এবং উপনির্বাচন ২০২৪ -এ কার কোথায় জয়ের সম্ভাবনা।

প্রতি কেন্দ্রেই এক বা একাধিক প্রার্থী হেভিওয়েট। রাজনৈতিক গুঞ্জন যেমনটি ছিল তা সত্যি হয়েছে একাধিক কেন্দ্রে। হাড়োয়া কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন শেখ রবিউল ইসলাম। তিনি সম্প্রতি প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলে, হাজি নুরুল সাংসদ আগে হাড়োয়ার বিধায়ক ছিলেন। হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাস তাঁকে কতটুকু লড়াই দিতে পারবেন বলা খুব শক্ত, তবে নিঃসন্দেহে জয়ের জন্য ফেবারিট রবিউল। উত্তর ২৪ পরগনার আরেক তৃণমূল সাংসদ ও প্রভাবশালী নেতা এবং প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিকের নৈহাটি কেন্দ্রে তৃণমূল প্রার্থী সনত দে। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী রূপক মিত্র। এখানেও তৃণমূলের পায়ের তলায় মাটি অত্যন্ত শক্ত। অর্জুন সিং পর্যন্ত  এখানে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে দাঁত ফোটাতে পারেননি। উত্তর ২৪ পরগনাতে  দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয় প্রায় সুনিশ্চিত।

অন্যদিকে, কোচবিহারে নিশীথ প্রামাণিককে হারিয়ে সাংসদ নির্বাচিত হওয়া জগদীশ বর্মা বসুনিয়ার বিধানসভা কেন্দ্র সিতাইয়ে তৃণমূল দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী সঙ্গীতা রায়কে টিকিট দিয়েছে। এখানের বিজেপি প্রার্থী  দীপক কুমার রায় যিনি জগদীশ বসুনিয়ার কাছে তিন বছর আগে ১০ হাজারের বেশি ভোটে হেরেছিলেন। এই আসনটিতে লড়াই হবে তবুও উদয়ন গুহ ও জগদীশ বসুনিয়ার জেলায় তৃণমূল নিশ্চিত ভাবেই এগিয়ে রয়েছে।

উত্তরবঙ্গের অপর কেন্দ্র  মাদারিহাটে  মনোজ টিজ্ঞার ফেলে যাওয়া আসনে বিজেপি প্রার্থী রাহুল লোহার। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। মাদারিহাট তৃণমূল ব্লক সভাপতি  জয়প্রকাশ টোপ্পো-র চেয়ে জয়ের সম্ভাবনায় কয়েক যোজন এগিয়ে বিজেপির রাহুল লোহার।

সাংসদ অরূপ চক্রবর্তীর তালড্যাঙরা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। এখানে বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। ফেবারিট অবশ্যই শাসক দলের প্রার্থী।

জুন মালিয়া সাংসদ নির্বাচিত হওয়ার পরে মেদিনীপুর কেন্দ্রে উপনির্বাচন। এখানে বিজেপির শুভজিৎ রায় লড়বেন সুজয় হাজরার বিপক্ষে। এখানেও সামান্য এগিয়ে তৃণমূল। গত তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূল এখানে বিজয়ী হয়েছে। জুন মালিয়া তিন বছর আগে এখানে জিতেছিলেন ২৫ হাজার ভোটে। মেদিনীপুরের এই অংশে অধিকারীদের সে অর্থে প্রভাব নেই। এখানে তৃণমূল স্বাভাবিকভাবেই বেশ কিছুটা এগিয়ে।

সাম্প্রতিক অভয়া কান্ড সহ বিভিন্ন কান্ডে শাসক দলের বিরুদ্ধে বারবার  ক্ষোভ বিক্ষোভ দেখা গিয়েছে যা ২০২৪ লোকসভা ভোটের পর বারবার প্রতিফলিত হয়েছে। তবুও  উপনির্বাচন ২০২৪ ঘিরে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন তৃণমূলের পাল্লা এবারও ভারী।  ভোটের ২৩দিন  আগে রাজ্যে দুই প্রধান প্রতিপক্ষর প্রার্থীদের নাম ঘোষণার পরে, উপনির্বাচন হতে চলা  কেন্দ্রগুলির বিগত দিনের  এবং সম্প্রতিক রাজনৈতিক শক্তির পরিপ্রেক্ষিতে তৃণমূল অবশ্যই বেশ এগিয়ে।দুই দলের প্রার্থীদের জয়ের সম্ভাবনার  তুল্যমূল্য বিচার করলে বলা যায়, ২০২১ সালের চেয়ে ফল অন্যরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। সমীকরণ যা ছিল সেরকমই  থেকে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ তৃণমূলের পাঁচটি আসনই ধরে রাখার সম্ভাবনা। বিজেপির মাদারিহাট কেন্দ্রে আরও একবার জেতার প্রবল সম্ভবনা। অর্থাৎ, খুব বড় অঘটন না ঘটলে শাসক দলের অনুকূলে ফল ৫-১ থাকারই সম্ভাবনা।।।

উপনির্বাচন ২০২৪ #উপনির্বাচন ২০২৪#বঙ্গে কে কোথায় এগিয়ে

About Post Author