Home » SSKM Hospital: প্রসূতির পেট কাটতে গিয়ে খুলে গেল ‘মরচে ধরা’ কাঁচি, এসএসকেএমের ঘটনায় সরব আন্দোলনকারী চিকিৎসকরা

SSKM Hospital: প্রসূতির পেট কাটতে গিয়ে খুলে গেল ‘মরচে ধরা’ কাঁচি, এসএসকেএমের ঘটনায় সরব আন্দোলনকারী চিকিৎসকরা

সময় কলকাতা ডেস্ক, ২৮ অক্টোবরঃ আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর সামনে আসছে রাজ্যের সরকারী চিকিৎসা কেন্দ্রগুলির বেহাল দশার ছবি। সম্প্রতি আরজি কর হাসপাতালে পাওয়া গিয়েছিল রক্তমাখা গ্লাভস। আর এ বার কলকাতার অন্যতম ঐতিহ্যশালী এসএসকেএম হাসপাতালের পাওয়া গেল মরচে ধরা কাঁচি । এক প্রসূতির  অপারেশনের সময় খুলেও গেল সেই  যন্ত্রটি। সেই ভাঙা কাঁচির ছবি সমাজমাধ্যমে পোস্ট করে সরব হলেন প্রতিবাদী জুনিয়র ডক্টরসদের সংগঠন।

জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালে এক প্রসূতির সি সেকশন করার সময় ঘটনাটি ঘটেছে। অপারেশন থিয়েটারে গিয়ে চিকিৎসক কাঁচিতে হাত দেওয়া মাত্র দেখতে পান সেটিতে মরচে ধরেছে।  কয়েকবার সেটি ব্যবহার করলে কাঁচি দুভাগ হয়ে যায়। যদিও ওই কাঁচি প্রসূতির কাছ পর্যন্ত পৌঁছয়নি। তারপর অন্য কাঁচি ব্যবহার করে অস্ত্রোপচার করা হয়।  তাই তরুণীর শারীরিক সমস্যা হওয়ার কোনও সম্ভাবনাই নেই।

তা সত্ত্বেও একটি সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটারে কেন এমন মরচে ধরা কাঁচি ব্যবহার করা হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কয়েকদিন আগেই আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ারে উদ্ধার করা হয়েছিল রক্তমাখা গ্লাভস। আরজি কর কাণ্ডের পর রাজ্যের সরকারী স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আর্থিক বেনিয়মের অভিযোগ তুলেছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। তাঁদের দাবি ছিল, অতীতেও আরজি করে এই ধরনের অস্বাস্থ্যকর গ্লাভসের জোগান দেওয়া হত। সে সময়েও কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি। মাঝে বেশ কিছু দিন নোংরা গ্লাভসের জোগান বন্ধ ছিল। অভিযোগ ওঠে, ওই গ্লাভস পরে রোগীদের চিকিৎসা করা হলে সংক্রমণের সম্ভাবনা থেকে যাবে।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: আপনার যদি পর্যবেক্ষণ শক্তি প্রখর হয়, নিচের দেওয়া ছবি দুটির মধ্যে ৫০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

এ বার এসএসকেএম হাসপাতালে উদ্ধার হল মরচে ধরা কাঁচি। স্বাভাবিক ভাবেই এই ঘটনা সামনে আসার পর রোগীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কাঁচিটি কবে সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে হাসপাতালের অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছিল, তা খতিয়ে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কাঁচিটি বহু পুরনো। কিন্তু কেন পুরনো কাঁচিটি এল অপারেশন থিয়েটারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। স্টেরিলাইজ কাঁচির মাঝে কীভাবে এটি এল, তা অপারেশন থিয়েটারের ইনচার্জকে জানাতে বলা হয়েছে।

About Post Author