স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ নভেম্বরঃ বাংলাদেশ ক্রিকেটের খারাপ সময় অব্যাহত। ভারতের বিরুদ্ধে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজে চুনকামের লজ্জা এখনও টাটকা। এ বার আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজেও হারতে হল বেঙ্গল টাইগারদের। শারজায় সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে, সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলেন হাসমাতুল্লাহ শাহিদীরা।

সোমবার সিরিজের নির্ণায়ক ম্যাচে অধিনায়ক নাজমূল হোসেইন শান্তকে ছাড়াই নেমেছিল বাংলাদেশ। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। শারজায় শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। প্রথম উইকেটে ৫৩ রানের জুটি গড়েন দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান। ২৩ বলে ২৪ রানের ইনিংস খেলেন সৌম্য। আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে তিনি ফিরতেই রানের গতি কমে বাংলাদেশের। পরের দুই ওভারে সাজঘরে ফেরেন অপর ওপেনার তানজিদ ও জাকির হাসান। রান পাননি তৌহিদ হৃদয়ও। পঞ্চম উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক মিরাজ ও অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ। দুজনে মিলে ১৪৫ রানের জুটি গড়েন। মিরাজ ১১৯ বলে করেন ৬৬ রান। তাঁকে ফিরিয়ে বাংলাদেশ ইনিংসে ধাক্কা দেন ওমরজাই। শেষের দিকে দলের স্কোরবোর্ডকে একাই সচল রেখেছিলেন মাহমুদুল্লাহ। ৯৮ বলে ৯৮ রানের ইনিংস খেলে শেষ ওভারের শেষ বলে আউট হন। বাংলাদেশের ইনিংস শেষ হয় ৫০ ওভারে ২৪৪ রানে।
আরও পড়ুনঃ Mohun Bagan: ওড়িশার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট মোহনবাগানের
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি আফগানদের। অষ্টম ওভারে নাহিদ রানার বলে আউট হন সিদিকুল্লাহ অটল। আফগানিস্তানের পরের দুই ব্যাটারকে ফেরান মুস্তাফিজুর। একটা সময় ৮৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পাঠানরা। সেই জায়গা থেকে দলের হাল ধরেন রাহমানুল্লাহ গুরবাজ ও আজমাতুল্লাহ ওমরজাই। ১০০ রানের জুটি গড়েন দুজনে। শতরান করেন গুরবাজ। ১০১ রান করে তিনি মিরাজের বলে আউট হন তিনি। সেখান থেকে দলকে জয়ের পথে নিয়ে যান ওমরজাই ও মহম্মদ নবি। ১০ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানিস্তান। ৭৭ বলে ৭০ রানে অপরাজিত থাকেন ওমরজাই। ২৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন নবি।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার