স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ নভেম্বরঃ রঞ্জি ট্রফিতে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার। চলতি মরশুমে প্রথম জয়ের স্বাদ পেলেন অনুষ্টুপ মজুমদাররা। হাড্ডাহাড্ডি ম্যাচে মধ্যপ্রদেশকে ১১ রানে পরাজিত করলেন তাঁরা। এই ম্যাচে সকলের নজর ছিল জাতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির দিকে। ৩৬০ দিন পর মাঠে ফিরে অনবদ্য বোলিং করলেন। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নিলেন তিনি। শাহবাজ আহমেদ দ্বিতীয় ইনিংসে নিলেন ৪ উইকেট। এই দুজনের দাপটে বাজিমাৎ করল বাংলা।

এলিট সি গ্রুপে পাঁচ ম্যাচের প্রথম চারটিতে ড্র করেছিল বাংলা। পরের পর্বে নিজেদের জায়গা পাকা করার জন্য একটি জয় দরকার ছিল। শনিবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেই জয়ের দেখা পেল। তবে এই জয়ের পথ মসৃণ ছিল না। চারদিন ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মত দোল খেল। প্রথম দিন কিছুটা পিছিয়ে ছিল বাংলা। ২২৮ রানে শেষ হয়ে গিয়েছিল প্রথম ইনিংস। পরের দিন শামির দাপটে ম্যাচে ফেরে বাংলা। ১৬৭ রানে মধ্যপ্রদেশের ইনিংস গুটিয়ে যায়। তৃতীয় দিন আবার ম্যাচের রাশ চলে যায় মধ্যপ্রদেশের হাতে। বাংলার ইনিংস শেষ হয় ২৭৬ রানে। জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩৭ রান। শুরুতে ব্যাট করতে নেমে খারাপ করেনি মধ্যপ্রদেশ। সেখান থেকে চতুর্থ দিন বোলিং আক্রমণে ভর করে ম্যাচ পকেটে পুরল লক্ষীরতন শুক্লার ছেলেরা।
আরও পড়ুনঃ Cristiano Ronaldo: বাইসাইকেল ভলিতে চোখ ধাঁধানো গোল রোনাল্ডোর, বড় জয় পর্তুগালের
শনিবার মধ্যপ্রদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮৮ রান। হাতে ছিল ৭ উইকেট। ঘরের মাঠ ইন্ডোরের ২২ গজে বেঙ্কটেশ আয়ার, শুভম শর্মাদের সামনে খুব কঠিন কাজ নয়। কিন্তু সেখান থেকে দলের জয় ও ৬ পয়েন্ট এনে দিলেন শামি, শাহবাজ়েরা। দিনের শুরুতে রজত পতিদারকে ফিরিয়ে আয়োজকদের বড় ধাক্কা দেন শামি। হারপ্রীতকে ফেরান শামির ভাই কাইফ। চাপে পড়ে যায় মধ্যপ্রদেশ। ষষ্ঠ উইকেটে শুভম এবং বেঙ্কটেশ দলের হাল ধরেন। ৯৪ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ক্রিকেটার। ভেঙ্কটেশের ব্যাট থেকে আসে ৫৩। বেঙ্কটেশকে সাজঘরে ফিরিয়ে বাংলাকে লড়াইয়ে ফেরান রোহিত কুমার। পরের ওভারেই শুভমকে ফেরান শাহবাজ। মধ্যপ্রদেশের অধিনায়ক করেন ৬১ রান। তখন জয়ের জন্য দরকার ৮৩ রান। হাতে তিন উইকেট। আবার ম্যাচে ফেরে মধ্যপ্রদেশ। অষ্টম উইকেটে ৬২ রানের জুটি খেলেন সারাংশ জৈন এবং আরিয়ান পাণ্ডে। সেই জুটি ভাঙেন শাহবাজ। ৩২ রানের মাথায় ফেরান সারংশকে। নিজের পরের ওভারে আরিয়ানকেও সাজঘরের পথ দেখান শাহবাজ। কুমার কার্তিয়েক সিংকে ফিরিয়ে বাংলার জয় নিশ্চিত করেন শামি।


More Stories
বাংলার খুদে মেয়েরা ফুটবলে ভারত চ্যাম্পিয়ন
শিল্ডে ইস্টবেঙ্গলের কষ্টার্জিত জয়
হাড্ডাহাড্ডি লড়াই করে ব্রাজিলের কাছে হারল ভারত