Home » South Africa vs India: জোহানেসবার্গে প্রোটিয়াদের বিরুদ্ধে নজিরের ছড়াছড়ি, দেখে নিন একনজরে..

South Africa vs India: জোহানেসবার্গে প্রোটিয়াদের বিরুদ্ধে নজিরের ছড়াছড়ি, দেখে নিন একনজরে..

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ নভেম্বরঃ রামধনুর দেশে সিরিজ জয় ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে জিতেছেন সূর্য কুমার যাদবরা। শুক্রবার জোহানেসবার্গে সব বিভাগে আয়োজক দেশকে টেক্কা দিলেন তাঁরা। বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষকে ক্লাবস্তরে নামিয়ে আনলেন সঞ্জু স্যামসন, তিলক বর্মারা। সিরিজ জয়ের ম্যাচে একাধিক নজির গড়ল মেন ইন ব্লু বাহিনী।

একনজরে দেখে নেওয়া যাক কী কী রেকর্ড গড়ল ভারত?

দ্রুততম দ্বিশতরানঃ প্রোটিয়াদের বিরুদ্ধে শুরু থেকেই মারমুখী ছিলেন ভারতীয় ব্যাটাররা। প্রথম উইকেটে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন দ্রুত রান তোলেন। অভিষেক আউট হতে দলের হাল ধরেন তিলক। তাঁদের তিনজনের ঝোড়ো ব্যাটিংয়ে ১৪.১ ওভারে দ্বিশতরানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। যা টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের দ্রুততম।

বছরে সর্বাধিক শতরানঃ টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে আবারও প্রমাণ করলেন সঞ্জু স্যামসন। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শতরান করেছিলেন ভারতীয় ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের পর শুক্রবার শতরান পেয়েছেন তিনি। চলতি বছরে তাঁর ব্যাট থেকে এল তৃতীয় শতরান। যা এক ক্যালেন্ডার বছরে কোনও ব্যাটারের সর্বাধিক।

এক ইনিংসে জোড়া শতরানঃ টেস্ট বা একদিনের ক্রিকেটে এক ইনিংসে জোড়া শতরানের একাধিক নজির রয়েছে। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেই কীর্তি আগে ছিল না। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া শতরান করে নতুন ইতিহাস লিখলেন তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন। পাশাপাশি এক সিরিজে একই ব্যাটারের একাধিক শতরানের রেকর্ডও গড়লেন দুই ভারতীয় ব্যাটার। যা বিরল। চলতি সিরিজে দুটি করে শতরান হাঁকিয়েছেন সঞ্জু ও তিলক।

আরও পড়ুনঃ South Africa vs India: সঞ্জু-তিলকের ব্যাটিং তাণ্ডব, ওয়ান্ডারার্সে সিরিজ জয় ভারতের

দ্বিতীয় উইকেটে সর্বাধিক রানঃ সঞ্জু স্যামসন ও তিলক বর্মার খাতায় উঠেছে আরও একটি নজির। শুক্রবার দ্বিতীয় উইকেটে ২১০ রানের জুটি খেলেন দুজনে। যা সর্বাধিক। যে কোনও উইকেটের জুটির নিরিখে তাঁরা রইলেন ষষ্ঠস্থানে।

বিদেশের মাটিতে সর্বোচ্চ রানঃ জোহানেসবার্গে প্রথমে ব্যাট করে  ২৮৩ রান করে ভারত। যা বিদেশের মাটিতে আয়োজক দলের বিরুদ্ধে করা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান।

এক ইনিংসে সর্বাধিক ছয়ঃ  প্রোটিয়াদের বিরুদ্ধে ছয়ের বন্যা ভারতের। ভারতের তিন ব্যাটার মিলে শুক্বার ২৩টি ছক্কা হাঁকিয়েছেন। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসে ২২ টি ছক্কার নজিরও ছিল ভারতের দখলে। নিজেদের নজির ভেঙে নতুন নজির গড়ল ভারত। পাশাপাশি, এক সিরিজে  সর্বাধিক ছয় মারার নজিরও গড়েছেন তিলক বর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে মোট ২০টি ছক্কা মেরেছেন তিলক। খুব পিছিয়ে নেই সঞ্জুও। তাঁর ব্যাট থেকে এসেছে ১৯টি ছক্কা। যা এক সিরিজে ভারতীয়দের নিরিখে সর্বাধিক।

About Post Author