স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ নভেম্বরঃ বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত। শুক্রবার থেকে শুরু হওয়া পার্থ টেস্টের প্রথম দিনে ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫০ রানে। অভিষেক হওয়া নীতিশ কুমার রেড্ডি ও ঋষভ পন্থ ছাড়া বাকি ব্যাটারেরা উল্লেখযোগ্য রান পাননি। আবাও ব্যাট হাতে ব্যর্থ ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তবে এ দিন দলের ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দিয়েছেন বোলারেরা। বিশেষ করে অধিনায়ক যশপ্রীত বুমরা। একাই তুলে নিয়েছেন চার উইকেট। তাঁর বিধ্বংসী বোলিংয়ে ৬৭ রানে ৭ উইকেট হারিয়েছে আয়োজকরা। প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত।

আরও পড়ুনঃ Indian Premier League 2025: আগামী তিন বছর কবে শুরু হবে আইপিএল? জানিয়ে দিল বোর্ড
প্রত্যাশামত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়া পার্থ টেস্টে মাঠে নেমেছে ভারত। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরা। শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। যদিও সেই সিদ্ধান্ত কাজে লাগেনি। ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে শুরু হওয়া দলের ব্যাটিং ব্যর্থতা ডনভূমেও প্রকট হল। রানের খাতা না খুলেই ফিরলেন দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে নেমে একই পরিণতি হল দেবদূত পাড়িক্কলের। তিনিও ফিরলেন খালি হাতেই। সব থেকে ভরসা ছিল যার উপর, সেই কোহলিও ব্যর্থ। তাঁর অবদান ৫ রান। অন্য ওপেনার রাহুল শুরুটা খারাপ করেননি। কিন্তু ২৬ রানের বেশি করতে পারলেন না। মিডল অর্ডারে রান পেলেন না ধ্রুব জুড়েল (১১) ও ওয়াশিংটন সুন্দরও(৪)। একটা সময় মনে হয়েছিল আবারও তিন অঙ্কের আগেই থমকে যাবে ভারতের ইনিংস। সেই পরিস্থিতিতে দলের হাল ধরেন ঋষভ পন্থ ও নীতিশ কুমার রেড্ডি। পন্থের ব্যাট থেকে এল ৩৭ রান। আরও বড় ইনিংস খেলতে পারতেন কিন্তু প্যাট কামিন্স তাঁকে ফিরিয়ে দেন। এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করেন নীতিশ। পার্থেই অভিষেক হয়েছে তাঁর। প্রথম ইনিংসে দলকে ভরসা দিলেন। ৪১ রান করে শেষ পর্যন্ত কামিন্সের বলে আউট হন নীতিশ।
রান তাড়া করতে নেমে খুব সুবিধে করতে পারেনি অস্ট্রেলিয়াও। ওপেনার নাথান ম্যাকসুইনিকে (১০) ফিরিয়ে অজিদের ইনিংসে প্রথম ধাক্কা দেন বুমরা। তারপর একই ওভারে উসমান খোয়াজা (৮) ও স্টিভ স্মিথকেও (০) পরপর দুই বলে ফিরিয়ে দেন ভারত অধিনায়ক। চার নম্বরে নেমে শুরুটা খারাপ করেননি ট্রাভিস হেড। কিন্তু থিতু হওয়ার আগে তাঁকে আউট করেন হর্ষিত রানা। এই ম্যাচে অভিষেক হয়েছে কলকাতা নাইট রাইডার্সের বোলারের। প্রথম ম্যাচে হেডকে (১১) ফিরিয়ে তিনিও নজর কাড়লেন। মিচেল মার্শ (৬) ও লাবুশানেকে (২) ফিরিয়ে অজিদের স্নায়ুচাপ আরও বাড়িয়ে দেন মহম্মদ সিরাজ। অজি অধিনায়ক প্যাট কামিন্সকে (৩) সাজঘরে ফেরান যশপ্রীত বুমরা। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি (১৭) ও মিচেল স্টার্ক (৬) রানে অপরাজিত রয়েছেন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার