স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ নভেম্বরঃ বর্ডার-গাভাস্কার সিরিজের মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। আগামী ২৩ ও ২৪ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএলের মেগা নিলামের আসর। মোট ১৫৭৪ জন দেশী-বিদেশী ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে। যদিও দল পাবেন মেরেকেটে দু’শো জন। তবে সাধারণ নিলামের থেকে মেগা নিলাম কিছুটা আলাদা। কারণ মেগা নিলামে প্রায় দলেরই খোলনলচে বদলে যায়। অনেক তারকা ক্রিকেটারকেও দলে নেওয়ার সুযোগ থাকে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে। এ বারের নিলামে লোকেশ রাহুল, ঋষভ পন্থ, মহম্মদ শামি-সহ ভারতের তারকা ক্রিকেটারেরা অংশ নিচ্ছেন। বিদেশীদের তালিকাও বেশ দীর্ঘ। জস বাটলার, ফিল সল্ট, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, কাগিসো রাবাডারা রয়েছেন সেই তালিকায়। যাঁদের দিকে প্রায় সব দলের নজর থাকবে। মেগা নিলামের দু’দিন আগে আইপিএল শুরুর তারিখ প্রকাশ্যে এল।

আগামী বছরের আইপিএল শুরু হবে ১৪ মার্চ। তারপর চলবে প্রায় আড়াই মাস ধরে। ২৫ মে অনুষ্ঠিত হবে ফাইনাল। তবে শুধু আগামী মরশুম নয়, আগামী তিন মরশুমের জন্য আইপিএলের দিন ঘোষণা করেছে বোর্ড। যা আগে কখনও করেনি। ২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ। ফাইনাল হবে ৩১ মে। ২০২৭ সালে প্রতিযোগিতা শুরু হবে ১৪ মার্চ। ফাইনাল হবে ৩০ মে। প্রতি বছর মোট ৭৪ টি করে ম্যাচ হবে। আগামী মরশুম থেকে ম্যাচ বাড়ানোর কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। তবে তিন বছরেরই ফাইনাল রাখা হয়েছে রবিবার। বোর্ডের এই সিদ্ধান্তে আরও একটি সুবিধে হবে। প্রতি বছরের আন্তর্জাতিক সিরিজ সেই ভাবে রাখা হবে। যাতে কোনও ক্রিকেটারের আইপিএল খেলতে সমস্যা না হয়।
বোর্ডের পক্ষ থেকে আরও একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিদেশী ক্রিকেটারদের ক্ষেত্রে তাঁদের দেশের বোর্ডের থেকে ছাড়পত্র নেওয়া হচ্ছে। আগে বিদেশী অনেক ক্রিকেটারকে পুরো মরশুমের জন্য পাওয়া যেত না। কারণ অনেক সময় জাতীয় দলের হয়ে খেলতে দেশে ফিরতে হত তাঁদের। সেক্ষেত্রে আর কোনও সমস্যা থাকবে না। যে ক্রিকেটারেরা দল পাবেন তাঁরা পুরো মরশুম খেলতে পারবেন।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?