স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ নভেম্বরঃ বর্ডার-গাভাস্কার সিরিজের ম্যাচেও চর্চায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে মাঠে নেমেই বিপক্ষ দলের ক্রিকেটারের বড় প্রশ্নের মুখে পড়তে হল ঋষভ পন্থকে। আগামী মরশুমে আইপিএলে কোন দলে খেলবেন পন্থ? সাংবাদিকদের মত সরাসরি ভারতীয় উইকেট-রক্ষক ব্যাটারকে প্রশ্ন করলেন অজি স্পিনার ন্যাথান লিয়ন। কী উত্তর দিলেন পন্থ? ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে।

পার্থের গতিশীল পিচে অস্ট্রেলিয়ার পেসারদের সামনে বিশেষ সুবিধে করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। দলের ভরাডুবি কিছুটা হলেও সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন পন্থ। স্কুপ শটে ছয়ও মারলেন, দরকারে ছোট রান নিয়ে স্কোরবোর্ডকে চালুও রাখলেন। তখনই পন্থকে বেকায়দায় ফেলতে মাইন্ডগেম শুরু করে দেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ব্যাটারের দিকে এগিয়ে যান অজি স্পিনার ন্যাথান লিয়ন। প্রশ্ন করেন, “নিলামের পর তোমাকে কোন দলে দেখতে পাওয়া যাবে?” তবে বিপক্ষ দলের স্পিনারের প্রশ্নে বিন্দুমাত্র বিচলিত হননি ভারতের উইকেট-রক্ষক ব্যাটার। হাসিমুখে জানিয়ে দেন, এবিষয়ে তাঁর কোনও ধারণা নেই। দুই ক্রিকেটারের কথোপকথন সমাজমাধ্যমে সামনে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তখন মিচেল মার্শকেও দেখা যায় পন্থকে ধীরে কিছু বলতে। সেটা যদিও মাইক্রোফোনে শোনা যায়নি।
আরও পড়ুনঃ Indian Premier League 2025: আগামী তিন বছর কবে শুরু হবে আইপিএল? জানিয়ে দিল বোর্ড
প্রথম টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন পড়ছে ২৪ ও ২৫ নভেম্বর। এই দু’দিন আইপিএলের মেগা নিলাম। গত বারে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক থাকলেও এই মরশুমে আর সেই দল তাঁকে রাখে নি। ফলে নিলামের তালিকায় রয়েছেন পন্থ। মনে করা হচ্ছে তাঁকে নিয়ে দড়ি টানাটানিও চলবে দলগুলির মধ্যে। বিষয়টি অজানা নয় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরও। বিশেষ করে মার্শ গত বার পন্থের অধিনায়কত্বে খেলেছেন দিল্লির দলে। কিন্তু ক্রিকেটারের মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে এই রাস্তায় হেঁটেছেন লিয়ন ও মার্শ।
প্রসঙ্গত পার্থ টেস্টের প্রথম ইনিংসে ৩৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন পন্থ। তাঁর ব্যাট থেকে এসেছে ৩টি চার এবং ১টি ছক্কা। অজি অধিনায়ককে স্কুপ শটে ছয় মেরেছেন। যা নিয়ে আলোচনা হচ্ছে ক্রিকেট মহলে। সপ্তম উইকেটে নীতীশ কুমার রেড্ডির সঙ্গে গুরুত্বপূর্ণ ৪৮ রানের জুটিও গড়েন। না হলে আরও বেকায়দায় পড়তে হত ভারতকে।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে