Home » U19 Asia Cup 2024: বৈভবে দাপুটে ব্যাটিং, ছোটদের এশিয়া কাপের সেমিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

U19 Asia Cup 2024: বৈভবে দাপুটে ব্যাটিং, ছোটদের এশিয়া কাপের সেমিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ ডিসেম্বরঃ ছোটদের এশিয়া কাপের ফাইনালে ভারত। শুক্রবার প্রতিযোগিতার সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দিলেন মহম্মদ আমানরা। প্রথমে ব্যাট করে ১৭৩ রানে শেষ হয়ে যায় লঙ্কাবাহিনীর ইনিংস। রান তাড়া করতে নেমে ২১.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় মেন ইন ব্লু’র যুবব্রিগড। দুরন্ত ব্যাটিং করলেন ১৩ বছরের বৈভব সূর্যবংশী। আগামী রবিবার ফাইনালে ভারত মুখোমুখি হবে বাংলাদেশের।

দুবাইয়ের শারজা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক বিহাস থেউমিকা। যদিও ভারতীয় বোলারদের দাপটে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি দ্বীপরাষ্ট্রের ব্যাটাররা। বাংলার পেসার যুধাজিৎ গুহ ও চেতন শর্মা প্রথম চার ওভারের মধ্যেই ৮ রানে তিন উইকেট তুলে নেন। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন শারুজন শন্মুগনথন ও লাকভিন আবেসিংহে। ৯৩ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার রানকে তিন অঙ্কে নিয়ে যেতে বড় ভূমিকা নেন দুজনে। সেই জুটি ভাঙেন আয়ূশ মাথরে। ৪২ রানের মাথায় ফিরিয়ে দেন শন্মুগনথনকে। তারপর আর কোনও ব্যাটার বলার মত রান করতে পারেননি। একাই  লড়াই করছিলেন লাভকিন। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে চাপ বাড়ছিল তাঁর উপর। অবশেষে ৬৯ রানের মাথায় কিরণ চোর্মালের বলে তিনি আউট হন। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ১৭৩ রানে। ভারতের হয়ে তিনটি উইকেট নেন চেতন শর্মা। কিরণ ও আয়ূশের ঝুলিতে যায় দুটি করে উইকেট। একটি উইকেট পান যুধাজিৎ।             

১৭৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে টি-টোয়েন্টি মেজাজে শুরু করেন ভারতের দুই পেসার বৈভব সূর্যবংশী ও আয়ূশ মাথরে। ২৮ বলে ৩৪ রান করেন আয়ূশ। তবে এদিন ম্যাচের যাবতীয় আকর্ষণকে ছিনিয়ে নেন বৈভব। আবারও অনবদ্য ব্যাটিং করলেন ১৬ বছরের বাঁ-হাতি ওপেনার। ২৪ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। প্রথম থেকেই সাবলীল ব্যাটিং করছিলেন। শেষ পর্যন্ত ৩৬ বলে ৬৭ রান করেন বৈভব। মারলেন ৬ টি চার ও ৫ টি ছয়। আয়ূশ ও বৈভব ভারতের জয়ের ভিত তৈরি করে আউট হন। শেষ পর্যন্ত দলকে জয় এনে দেন আমান ও কেপি কার্তিকেয়।   

আরও পড়ুনঃ Fifa World Cup: ক্লাব বিশ্বকাপে নেইমার-এমবাপ্পে দ্বৈরথ, কেমন হল গ্রুপ বিন্যাস?

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের অন্য সেমিফাইনালে জয় পেয়েছে বাংলাদেশ। তারা হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। প্রথমে ব্যাট করে পাকিস্তানের ছোটরা ৩৭ ওভারে ১১৬ রান তুলেছিল। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ফারহান ইউসুফ। বল হাতে ২৪ রানে ৪ উইকেট নিয়ে নজর কাড়লেন বাংলাদেশের ইকবাল হোসেন ইমন। রান তাড়া করতে নেমে ২২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম ৪২ বলে ৬১ রানে অপরাজিত থেকে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন।

About Post Author