Home » নয়া প্রধান বিচারপতির বেঞ্চে আজ আরজি করের সুপ্রিম শুনানি, নতুন কোনও মোড় নেবে মামলা?

নয়া প্রধান বিচারপতির বেঞ্চে আজ আরজি করের সুপ্রিম শুনানি, নতুন কোনও মোড় নেবে মামলা?

সময় কলকাতা ডেস্ক, ১০ ডিসেম্বর: আরজি করের সেই ভয়াবহ রাত! কর্মরত মহিলা চিকিৎসককে হাসপাতালের অন্দরমহলে ধর্ষণ করে খুন! যার জেরে স্বাস্থ ভবন অভিযান, সিজিও অভিযান, নবান্ন অভিযান, রাত দখল, রাজনৈতিক চাপানউতোর। এভাবেই কেটে গেল চারটি মাস। এই মামলার শেষ সুপ্রিম শুনানি হয়েছিল গত এক মাস। এখনও বিচার আসায় চাতকের মত তাকিয়ে নির্যাতিতার পরিবার। আজ মঙ্গলবার, ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি। ইতিমধ্যে সর্বোচ্চ আদালতে পরিবর্তন হয়েছে প্রধান বিচারপতির। ডি ওয়াই চন্দ্রচুর অবসর নিয়েছেন, তাঁর স্থানে এসেছেন সঞ্জীব খান্না। প্রধান বিচারপতির নতুন বেঞ্চে রয়েছেন আরেক বিচারপতি সঞ্জয় কুমার। এই প্রথমবার তাঁরা শুনবেন আর জি করের মতো হাই প্রোফাইল মামলা।

আরও পড়ুন: প্রসঙ্গ বাংলাদেশ : রিকশ ও ললিপপ , ব্যঙ্গ-বিদ্রুপে শুভেন্দু ও মমতার অভিন্ন নিশানায় বাংলাদেশের সেনাকর্মী ও রিজভী

গত চারমাস ধরে শীর্ষ আদালতে মামলা চলছিল অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে। এরপর ১১ নভেম্বর প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন সঞ্জীব খান্না। শেষ শুনানিতে বিরোধীদের যাবতীয় দাবি ও আবেদন উড়িয়ে দিয়ে আর জি কর মামলার বিচারপ্রক্রিয়া শিয়ালদহ আদালতে চালিয়ে যাওয়া ও সিবিআই তদন্তে সবুজ সংকেত দিয়েছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল, শিয়ালদহ এসিজেএম আদালতের বিচারকের হাতে তদন্তকে সঠিক পথে পরিচালনা করার যাবতীয় ক্ষমতা আছে। এই আদালতেই সিবিআই তাঁদের প্রথম চার্জশিট জমা দিয়েছিল। যেখানে মূল অভিযুক্ত হিসাবে শুধুমাত্র সিভিক ভলেনন্টিয়ার সঞ্জয় রায়ের নাম উল্ল্যেখ করা হয়েছিল।

আরও পড়ুন: ভাগ্নিকে বারবার ধর্ষণের অভিযোগ মধ্যপ্রদেশের বিজেপি নেতার বিরুদ্ধে

গত ৭ নভেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে চার সপ্তাহ বাদে সিবিআইকে তদন্তের সপ্তম স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, রাজ্যের দায়ের করা সিভিক ভলান্টিয়ার সংক্রান্ত হলফনামাও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হবে। আজ সেই মামলার শুনানি। তার আগে সোমবার, আর জি করের ঘটনার চারমাস উপলক্ষে দ্রুত বিচারের দাবিতে কলকাতায় মিছিল করেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। আজকের শুনানিতে এই মামলা নতুন কোনও মোড় নেয় কি না চোখ থাকবে সেদিকে।

About Post Author