Home » UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগে আবারও হার ম্যান সিটির, গ্রুপ পর্ব থেকে বিদায়ের আশঙ্কা, জয় পেল আর্সেনাল

UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগে আবারও হার ম্যান সিটির, গ্রুপ পর্ব থেকে বিদায়ের আশঙ্কা, জয় পেল আর্সেনাল

স্পোর্টিস ডেস্ক, সময় কলকাতা, ১২ ডিসেম্বরঃ চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির খারাপ ফর্ম অব্যাহত। শেষ তিন ম্যাচে জয়ের দেখা পায়নি পেপ গুয়ার্দিওলার দল। বুধবারও জুভেন্টাসের কাছে অ্যাওয়ে ম্যাচে ০-২ গোলে হারতে হল তাদের। গোটা ম্যাচে প্রাধান্য নিয়ে খেলেও গোলের মুখই খুলতে পারলেন না আর্লিং হালান্ডরা।  

টরিনোর অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে পূর্ণ শক্তির দল নিয়ে নেমেছিল ম্যানচেস্টার সিটি। গোলমেশিন আর্লিং হালান্ড, কেভিন দি ব্রুইনা, বের্নাডো সিলভা-সহ প্রথম সারির ফুটবলাররা দলে ছিলেন। তারপরেও জিততে পারল না পেপ গুয়ার্দিওলা ব্রিগড।  প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দুটি দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার গতির বিপরীতে গোল হজম করে সিটিজেনরা। ৫৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ডুসান ভ্লাহোভিচ। ৭৫ মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন ওয়েস্টন ম্যাককেনি। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত ০-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তাদের। এই হারের ফলে প্রতিযোগিতার নকআউটে যোগ্যতা অর্জন করা আরও কঠিন হল সিটির কাছে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ২২ নম্বরে রয়েছে তারা। এ বারে প্রতিযোগিতার নিয়মানুসারে প্রথম আট দল সরাসরি পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। বাকি আটটি দলকে প্লে-অফে খেলে যোগ্যতা অর্জন করতে হবে। ষোলোটি দলের মধ্যে হবে প্লে-অফ। জুভেন্টাসের বিরুদ্ধে হেরে সেই কাজটা আরও কঠিন করে ফেললেন হালান্ডরা।

আরও পড়ুনঃ SYED MUSHTAQ ALI TROPHY: সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টারে হার্দিকের বরোদার কাছে হার বাংলার

আরও পড়ুনঃ UEFA Champions League: ছয়ে ছয়, সালাহর গোলে গিরোনা জয় লিভারপুলের, বড় জয় বায়ার্নের

সিটির হারের দিন অবশ্য জয় পেয়েছে প্রিমিয়ার লিগের অন্য হেভিওয়েট দল আর্সেনাল। ঘরের মাঠে তারা হারিয়ে দিয়েছে ফ্রান্সের ক্লাব এএস মোনাকোকে। মিকেল আর্তেতার দল জয় পেয়েছে ৩-০ গোলে। প্রথমার্ধের ৩৪ মিনিটে বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় ইংল্যান্ডের ক্লাব। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন সাকা। ৮৮ মিনিটে দলের হয়ে স্কোরবোর্ড ৩-০ করেন কাই হাভার্টজ। এই নিয়ে প্রতিযোগিতায় টানা দ্বিতীয় ম্যাচ জিতে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে গানার্সরা। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছে তারা। লিভারপুলের পর ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গিয়েছে আর্সেনাল।

About Post Author