স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ ডিসেম্বরঃ চ্যাম্পিয়ন্স লিগে ছুটছে ফুটবল ক্লাব বার্সেলোনার বিজয়রথ। বুধবার টানা পাঁচ ম্যাচে জয় পেল হান্সি ফ্লিকের ছেলেরা। জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে তারা হারিয়ে দিল ৩-২ গোলে। জোড়া গোল করলেন ফেরান তোরেন। গোল পেলেন রাফিনহাও। এই জয়ের ফলে সরাসরি প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল কাতালানরা।
ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগন্যাগ ইদুনা পার্কে দুই দলের খেলা প্রথমার্ধে শেষ হয় গোল শূন্য। প্রথমার্ধে খেলায় দাপট বেশি ছিল আয়োজকদের। যদিও গোলের দেখা পায়নি। বেশ কয়েকবার দলের পতন রুখে দেন বার্সা গোলরক্ষক। অন্যদিকে, ইয়ামাল ও কুন্ডের শট বাঁচিয়ে দেন ডর্টমন্ড গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বার্সেলোনা। ড্যানি অলমোর সাজিয়ে দেওয়া বল থেকে গোল করেন রাফিনহা। এই নিয়ে প্রতিযোগিতায় ষষ্ঠ গোল পেলেন ব্রাজিলের উইঙ্গার। ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কাতালান ব্রিগেড।
৬০ মিনিটে পেনাল্টি থেকে ডর্টমুন্ডকে সমতায় ফেরান গুইরাসি। তারপর দুই দলই বেশ কয়েকটি পরিবর্তন করেন। রবার্ট লেভানডস্কির বদলে ফেরান তোরেসকে নামিয়ে দেন ফ্লিক। ৭৫ মিনিটে সেই তোরেসের গোলে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। তিন মিনিট পর ফের গোল শোধ করে দেয় ডর্টমুন্ড। নিজের দ্বিতীয় গোল করেন গুইরাসি। বার্সেলোনার রক্ষণের ভুলে বল পেয়ে জালে জড়িয়ে দেন তিনি। ৮৫ মিনিট পর্যন্ত স্কোরবোর্ড ছিল ২-২। যদিও নাটক তখনও শেষ হয়নি। ইয়ামালের বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তোরেস। তারপর আর সমতা ফেরাতে পারেনি হলুদ-কালো জার্সিধারীরা। শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা। প্রায় চারবছর পর চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে জয় পেল তারা। পাশাপাশি প্রায় তিন বছর পর ঘরের মাঠে কোনও ম্যাচে হার স্বীকার করল ডর্টমুন্ড।


More Stories
চেন্নাইকে হারিয়ে প্লে-অফে হায়দ্রাবাদ
পাকিস্তান কি প্রতিশোধ নিতে পারবে?
অবশেষে মুম্বাই ছন্দে, প্রশ্ন সূর্যকে নিয়ে