Home » টিএমসিপি বনাম এসএফআইয়ের লড়াইয়ে মুখ ফাটল পুলিশের, চাঞ্চল্য বারাসাত কলেজে

টিএমসিপি বনাম এসএফআইয়ের লড়াইয়ে মুখ ফাটল পুলিশের, চাঞ্চল্য বারাসাত কলেজে

সময় কলকাতা ডেস্ক, ১৭ ডিসেম্বর: সেমেস্টার পরীক্ষা চলাকালীন কলেজের ভিতরে কর্মসূচির দাবি এসএফআইয়ের। আর জি কর কাণ্ড নিয়ে কলেজের গেটের বাইরের বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভ-স্লোগান। পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে বলে তাঁদের বাধা দিতে যায় তৃণমূল ছাত্র পরিষদ। সেখানেই সূত্রপাত বচসার। টিএমসিপি বনাম এসএফআইয়ের ধূমধুমারের মধ্যে পড়ে মুখ ফাটল বারাসাত থানার এক পুলিশকর্মীর। সেখান থেকে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: East Bengal: পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে কার্ড ও চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল

পুলিশ সূত্রে খবর, আজ মঙ্গলবার বারাসত কলেজে সেমেস্টারের পরীক্ষা চলছিল। বেলার দিকে এসএফআই কর্মী-সমর্থকরা ওই এলাকায় জড়ো হন। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে মিছিল শুরু করেন তাঁরা। মিছিল ওই কলেজ গেটের সামনে পৌঁছয়। তুমুল স্লোগানিং চলে কলেজ গেটের সামনে। কলেজে পরীক্ষা চলছে। কোনওভাবেই সেখানে স্লোগানিং করা যাবে না। সেই দাবি তুলে পাল্টা কলেজের গেটের সামনে পৌঁছয় তৃণমূল ছাত্র পরিষদের লোকজন। শুরু হয়ে যায় দুই তরফের জন্য বিবাদ। তারপরেই হাতাহাতি।

আরও পড়ুন: দল সাসপেনশন তুলেছে আগেই, এবার শ্লীলতাহানির মামলায় তন্ময়ের আগাম জামিন হাইকোর্টে

ঘটনাচক্রে বারাসাত কলেজের সামনেই অবস্থিত বারাসাত থানা। সেখানে থেকেই তৎক্ষণাৎ রণক্ষেত্র ঠেকাতে হাজির হয় পুলিশ বাহিনী। ওই কলেজের অদূরেই শিয়ালদহ-বনগাঁ রেলপথ। কলেজের সামনে দিয়েই গিয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। বিক্ষোভ আরও এগিয়ে যায় ১১ নম্বর রেলগেটের সামনে। সেই বিবাদ অদূরে বারাসত গভর্মেন্ট কলেজের সামনেও শুরু হয়ে যায়। টিএমসিপি ও এসএফআইয়ের মধ্যে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। গোটা এলাকা যানজটে স্তব্ধ হয়ে যায়। সংঘর্ষের মধ্যে পড়ে এক পুলিশ কর্মীর মুখ ফেটে যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুই পক্ষকেই পুলিশ দূরে সরানোর চেষ্টা করে। কিন্তু প্রাথমিকভাবে তা করা কার্যত অসম্ভব হয়ে পড়ে।

About Post Author