Home » EFL Cup: জেসুসের হ্যাটট্রিকে লিগ কাপে জয় আর্সেনালের, জিতল লিভারপুল ও নিউক্যাসলও

EFL Cup: জেসুসের হ্যাটট্রিকে লিগ কাপে জয় আর্সেনালের, জিতল লিভারপুল ও নিউক্যাসলও

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ ডিসেম্বরঃ জয়ের ধারাবাহিকতা বজায় রাখল আর্সেনাল । ইংলিশ লিগ কাপের ম্যাচে তারা হারিয়ে দিল ক্রিস্টাল প্যালেসকে। তবে ঘরের মাঠে জয় মসৃণ হয়নি মিকেল আর্তেতার দলের জন্য। প্রতিযোগিতার অন্য ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ডের দুই হেভিওয়েট ক্লাব লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডও। সব মিলিয়ে জমে উঠেছে প্রতিযোগিতা।

বুধবার রাতে ঘরের মাঠ এমিরেটসে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্সেনাল। এই ম্যাচে প্রথম একাদশের বেশিরভাগ ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন কোচ মিকেল আর্তেতা। তার খেসারত দিতে হয় দলকে। ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে গোল হজম করতে হয় আর্সেনালকে। গোলরক্ষক ডিন হেন্ডারসনের লম্বা পাস থেকে বল ধরে প্যালেসকে এগিয়ে দেন জঁ-ফিলিপ মাতেতা। প্রথমার্ধে সেই গোল শোধ করতে পারেনি আয়োজকরা। দ্বিতীয়ার্ধে দলে একাধিক পরিবর্তন করেন আর্তেতা। মার্টিন ওডেগার্ড ও উইলিয়াম সালিবাকে মাঠে নামান। তারপরেই খেলায় ফেরে গানার্সরা। ৫৪ মিনিটে পরিবর্ত হিসেবে নামা ওডেগার্ডের পাস থেকে ম্যাচে সমতা ফেরান গ্যাব্রিয়েল জেসুস। শেষ কুড়ি মিনিটের জন্য পরিবর্ত হিসেবে নামানো হয় বুকায়ো সাকাকে। মাঠে নামার তিন মিনিটের মধ্যে তাঁর পাস থেকেই নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন জেসুস। ৮১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলের ফরোয়ার্ড। ওডেগার্ডের পাস থেকেই করেন তৃতীয় গোল।  পিছিয়ে পড়েও দমে যায়নি প্যালেস। চার মিনিটের মধ্যে আরও একটি গোল শোধ করে দেয় তারা। ন্যাথানিয়াল ক্লাইনের বাড়ানো পাস থেকে নিজের পুরনো দলের বিরুদ্ধে গোল করেন এডি এনকেটিয়া। শেষ পাঁচ মিনিটে গোলশোধের মরিয়া চেষ্টা করেছিল প্যালেস। কিন্তু সফল হয়নি। দুই পরিবর্ত ফুটবলারই ম্যাচের ভাগ্য বদলে দেয়।

আরও পড়ুনঃ Real Madrid: চতুর্থ বারের জন্য আন্তর্মহাদেশীয় কাপ চ্যম্পিয়ন রিয়াল মাদ্রিদ

প্রতিযোগিতার অন্য ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন আর্নে স্লটের দল। সেই জয়ের ধারা ইংলিশ লিগ কাপেও বজায় রাখল তারা। সেন্ট মেরি স্টেডিয়ামে হারিয়ে দিল সাউদাম্পটনকে। খেলার ফল ২-১। ২৪ মিনিটে ডারউইন নুনেজের গোলে এগিয়ে যায় অল রেডসরা। ৩২ মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন হার্ভে এলিয়ট। কোডি গাকপোর বাড়ানো পাস থেকে গোল করেন তিনি। বিরতির সময় ২-০ গোলে এগিয়ে ছিল লিভারপুল। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে আয়োজকরা। ক্যামেরন আর্চার গোল করে দলকে খেলায় টিকিয়ে রেখেছিলেন। কিন্তু ম্যাচে সমতা ফেরাতে পারেনি দ্যা সেইন্টরা। লিগ কাপের অন্য ম্যাচে ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিল নিউক্যাসল ইউনাইটেড। আয়োজক দলের হয়ে জোড়া গোল করলেন ইতালির মিডফিল্ডার স্যান্দ্রো তোনালি। অন্য গোলটি করেন ফ্যাবিয়ান শার। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে একটি গোলশোধ করেন ইয়ন উইসা। কিন্তু ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিল না।  

About Post Author