স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ ডিসেম্বরঃ লা লিগায় দাপুটে জয় রিয়াল মাদ্রিদের। রবিবার রাতে স্যান্টিয়াগো বের্নাব্যুতে তারা হারিয়ে দিল সেভিয়াকে। কার্লো আন্সেলোত্তির দল জিতল ৪-২ গোলে। শনিবার বার্সেলোনাকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। সেভিয়াকে হারিয়ে এ বার বার্সাকে পিছনে ফেলল চিরপ্রতিদ্বন্দ্বী লস ব্ল্যাঙ্কোসরা।

খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে আয়োজকদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। পিএসজি থেকে মরশুমের শুরুতে স্পেনের ক্লাবে যোগ দেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। তারপর থেকে ছন্দে ছিলেন না তিনি। কিন্তু রিয়ালের বর্ষীয়ান কোচ তাঁর উপর আস্থা হারান নি। সেই আস্থার দাম দিচ্ছেন এমবাপে। এই মরশুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ গোল করে ফেললেন তিনি। সেভিয়ার বিরুদ্ধে নিজে একটি গোল করার পাশপাশি সতীর্থকে দিয়ে গোলও করালেন এমবাপে। ২০ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফেডেরিকো ভালভার্দে। ক্যামাভিঙ্গার বাড়ানো পাস থেকে গোল করলেন উরুগুয়ের মিডফিল্ডার। ৩৪ মিনিটের মাথায় স্কোরবোর্ড ৩-০ করেন রদ্রিগো। লুকাস ভাজকুয়েজের পাস থেকে গোল করেন ব্রাজিলের ফরোয়ার্ড। ৩৫ মিনিটের মাথায় একটি গোল শোধ করে সেভিয়া। জুয়ানলু স্যাঞ্জেজের পাস থেকে গোল করেন ইসাক রোমারো। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুনঃ হেরেই চলেছে মহামেডান
আরও পড়ুনঃ Vijay Hazare Trophy: অভিষেকের অনবদ্য শতরান, বিজয় হাজারে ট্রফিতে দিল্লিকে হারাল বাংলা
দ্বিতীয়া্র্ধের খেলা শুরুর আট মিনিটের মাথায় দলের হয়ে চতুর্থ গোল করেন ব্রাহিম দিয়াজ। এই গোলের পাসটি বাড়িয়েছিলেন এমবাপে। ৮৫ মিনিটের মাথায় সফরকারী দলের হয়ে আরও একটি গোল শোধ করেন ডোডি লুকেবাকিয়ো। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ বাঁশি বাজার পর ৪-২ গোলে জিতে মাঠ ছাড়ে রিয়াল। এই নিয়ে শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতল আন্সেলোত্তি ব্রিগেড। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এল তারা। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তারা শেষ পাঁচ ম্যাচে টানা জয় পেয়েছে। শনিবার বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে তারা। লিগ তালিকার তিন নম্বরে নেমে গিয়েছে কাতালানরা। ১৯ ম্যাচে হ্যান্সি ফ্লিকের দল পেয়েছে ৩৮ পয়েন্ট। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি হেরেছে ও একটি ড্র করেছে তারা। পরের ম্যাচ জিতলে বার্সার সঙ্গে ব্যবধান বাড়ানোর সুযোগ থাকবে রিয়ালের কাছে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার