সময় কলকাতা ডেস্ক:- মণিপুরে ফের বড়সড় অভিযান সেনাবাহিনীর।ইম্ফল পূর্ব ও কঙ্গকোকপি জেলায় অভিযান চালিয়ে উগ্রপন্থীদের ৪ বাঙ্কার ধ্বংস করল নিরাপত্তাবাহিনী। পাশাপাশি আরও ৩ বাঙ্কার নিজেদের দখলে নিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি চুড়াচাঁদপুর ও তেঙ্গনৌপাল জেলায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।
রবিবার কঙ্গকোকপি, ইম্ফল পূর্ব, চুড়াচাঁদপুর-সহ একাধিক জেলায় যৌথবাহিনীর তল্লাশি অভিযানে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র, গোলা-বারুদ ও অন্যান্য যুদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। সেনা-পুলিশের এই যৌথ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে, একটি লাইট মিশন গান, ১২ বোর সিঙ্গেল ব্যারেল বন্দুক, ৯ এমএম পিস্তল, দুটি টিউব লঞ্চার, ও বিপুল পরিমাণ বিস্ফোরক। এছাড়াও তেঙ্গনৌপাল জেলায় অসম রাইফেলস ও মণিপুর পুলিশের যৌথ অভিযানে একটি কারখানা থেকে উদ্ধার হয় ৩০৩টি রাইফেল ও বিপুল পরিমাণ আইইডি বিস্ফোরক।
গত বছরের মে মাস থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মণিপুর। কুকি ও মেতেই সংঘর্ষে মৃত্যু হয়েছে ২৫০ জনের বেশি মানুষের। হিংসায় রক্তাক্ত মণিপুরে শান্তি ফেরাতে বিপুল পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে কেন্দ্রের তরফে। তারপরও জারি রয়েছে উগ্রপন্থীদের আক্রমণ। এই পরিস্থিতিতে লাগাম টানতে গত কয়েক মাস ধরে লাগাতার অভিযান চালাচ্ছে সেনা, পুলিশ ও অন্যান্য আধা সেনার যৌথবাহিনী। সোমবার তেমনই এই অভিযান চালানো হয়, ইম্ফল পূর্ব ও কঙ্গকোকপি জেলায়। খবর ছিল এই অঞ্চলের একাধিক জায়গায় বাঙ্কার তৈরি করেছে উগ্রপন্থীরা। সেই মত অভিযান চালিয়ে ধ্বংস করে দেওয়া হয় উগ্রপন্থীদের ৪ টি বাঙ্কার। ৩ টির দখল নেয় নিরাপত্তাবাহিনী। জানা গিয়েছে, এই সব বাঙ্কার থেকেই উগ্রপন্থীরা নিচে নেমে এসে লোকালয়ে হামলা চালাত। গত শুক্রবার এমনই এক অভিযানে এক পুলিশকর্মী-সহ ৪ জনের মৃত্যু হয়েছে।


More Stories
কেরলের নামবদল : প্রেক্ষাপট ও বিতর্ক
ধর্মই ক্ষমতার উৎস : গীতাপাঠ ও বাবরি মসজিদ
গাড়ি বিস্ফোরণ : মুঘল সুলতানার আক্ষেপ, সাধের দিল্লি নগরীর কী হবে?