সময় কলকাতা ডেস্ক:- পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার এক প্রাক্তন এসআই। শুক্রবার রাতে অভিযান চালিয়ে হাবড়ার অশোকনগর থেকে ওই প্রাক্তন এসআই কে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। আজ, শনিবার অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হয়।
এই গ্রেপ্তারির পর আরও জোরালো হতে শুরু করেছে সরষের মধ্যেই ভূত দাবি। প্রাক্তন এই পুলিশকর্মীকে হেফাজতে নিয়ে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে পুলিশ। আর কোনও পুলিশ বা অন্য কোনও আধিকারিক যুক্ত রয়েছেন কি না জানার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, বেহালায় ট্রাভেল এজেন্সির আড়ালে জাল পাসপোর্ট তৈরির পাশাপাশি মোটা টাকার বিনিময়ে চলত নকল আধার তৈরির কারবার। ইতিপূর্বে পাসপোর্ট কাণ্ডের চাঁই মনোজ গুপ্তা ও সমরেশ বিশ্বাস এবং তার এক শাগরেদকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ধৃতদের জেরা করেই নদিয়ার ধীরেনের খোঁজ মেলে। সেটা পাসপোর্ট জালিয়াতি মামলায় অষ্টম গ্রেপ্তারি। এরপর শুক্রবার পুলিশের প্রাক্তন কর্মীকে গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগ। এই নিয়ে মোট নয় জনকে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আবদুল হাই। বয়স ৬১ বছর। সদ্য এসআই হিসাবে কাজ থেকে অবসর নিয়েছেন তিনি। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন আবদুল। জাল ১৫০টি পাসপোর্টের মধ্যে ৫২টির এনকয়ারি অফিসার ছিলেন অভিযুক্ত। সেই সুবাদে চক্রের অনেককে চিনতেন। অভিযোগ, তাদের সঙ্গে যোগাযোগ রেখে পাসপোর্ট জালিয়াতিতে সাহায্য করতেন। তিনি পাসপোর্ট পিছু ২৫ হাজার করেও নিতেন বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাসপোর্ট কাণ্ডে অভিযুক্ত সমরেশের সঙ্গে যোগ ছিল ধৃত আবদুলের।


More Stories
সরকারি খাদ্যসামগ্রী চোরাপাচার মধ্যমগ্রাম থেকে, তদন্তে স্বয়ং খাদ্যমন্ত্রী
স্কুল থেকে উদ্ধার বিপুল টাকা, তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানের নামে অভিযোগ দায়ের
বিলকান্দা-লেনিনগড়ের বেতাজ বাদশা তৃণমূল নেতা সজল গ্রেফতার, হাড়হিমকরা অত্যাচারের অবসান