সময় কলকাতা ডেস্ক:- হাই কোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তায় সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। দুপুর ১ টা নাগাদ কলেজে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ মালা রায়। তাঁরা ভিতরে থাকাকালীন ক্ষোভে ফেটে পড়লেন যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, চক্রান্ত করে তাঁদের ক্যাম্পাসে পুজো করতে দেওয়া হয়নি। এখানেই শেষ নয়, দিনের পর দিন তাঁদের নানারকম হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা।
রবিবার সকালে হচ্ছে সরস্বতী পুজো
কড়া পুলিশি প্রহরার মধ্যেই যোগেশচন্দ্র আইন কলেজে রবিবার সকালে হচ্ছে সরস্বতী পুজো। যেমন নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অজয় প্রসাদের নজরদারিতে কলেজের গেটের বাইরে সশস্ত্র পুলিশি প্রহরা রয়েছে। প্রতি মুহূর্তের খবর জানানো হয়েছে তাঁকে। শেষে দুপুরে তিনি নিজেই উপস্থিত হন কলেজের বাইরে। কলেজের বাইরে পুলিশ মোতায়েন থাকলেও পুজোর জায়গায় পুলিশ নেই। শুধুই পড়ুয়া, অধ্যাপক এবং শিক্ষাকর্মীরা রয়েছেন। আইন কলেজের পুজো দেখতে গিয়েছেন সাংসদ মালা রায়। ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন, বিতর্কের কথা তাঁরা পুজোর দিনে মনে রাখতে চান না। শুধুই আনন্দ করে দিনটা কাটাতে চান।
রবিবার সকাল থেকেই যোগেশচন্দ্র কলেজ চত্বরে জড়ো হন আইন কলেজের পড়ুয়ারা। হাই কোর্টের নির্দেশে ভেঙে দেওয়া হয়েছে নির্মাণ। সেখানে পুজোর আয়োজন করেছেন তাঁরা। কলেজের গেটে মাইক লাগিয়ে চালানো হয়েছে সরস্বতী আরাধনার গান। ডে কলেজের পড়ুয়ারা ইন্দ্রাণী পার্কের পাশে নিজেদের পুজোর আয়োজন করেছেন। সকাল থেকে কলেজের বাইরে মোতায়েন ছিল পুলিশ। পরিচয়পত্র খতিয়ে দেখার পরেই পড়ুয়াদের প্রবেশ করতে দেওয়া হয়েছে কলেজে। পুলিশ জানিয়ে দিয়েছে, পুজোর সময় ভিতরে উপস্থিত থাকতে পারবে না সংবাদমাধ্যমও। বার বার পরিস্থিতির খবর নিয়েছেন যুগ্ম কমিশনার অজয়। দুপুর নাগাদ তিনি নিজেই পৌঁছে যান কলেজে। তাঁর কথায়, ‘‘হাই কোর্টের নির্দেশে পুজোয় নজরদারি করতে এসেছি।’’
যোগেশচন্দ্র আইন কলেজ এবং যোগেশচন্দ্র ডে কলেজের ক্লাস হয় একই ক্যাম্পাসে। আইন কলেজের এক পড়ুয়া তাঁদের কলেজ চত্বরে সরস্বতী পুজো করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মামলাকারী অভিযোগ করেছিলেন, যে জায়গায় তাঁরা পুজো করে এসেছেন, তা দখল করেছে ডে কলেজ। আদালতে ডে কলেজের তরফে দাবি করা হয়, পুজোর জায়গায় অস্থায়ী নির্মাণ তৈরি করেছেন বহিরাগতেরা। এই বহিরাগতদের কলেজে প্রবেশের উপর আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাই কোর্ট। অভিযোগ উঠেছে, সম্প্রতি কলেজে এই বহিরাগতদের ‘উপদ্রব’ আবার বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজোর কথা জানিয়ে দেয় কলকাতা হাই কোর্ট। যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ঘটনা নিয়ে রিপোর্ট চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, তিনি নিজে উপস্থিত থাকবেন পুজোয়। রবিবার পুলিশি প্রহরায় হল পুজো।


More Stories
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে